বিমানের চাকা ফাটা তদন্তে কমিটি
যাত্রী নিয়ে উড়ন্ত অবস্থায় মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে।
বিমানের ডেপুটি চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামকে প্রধান করে চার সদস্যের এই কমিটি করা হয়েছে।
তাদের সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ জানিয়েছেন।
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি বৃহস্পতিবার ওমানের মাসকট থেকে ১৪৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের পথে ছিল। একটি চাকা ফেটে যাওয়ায় উড়োজাহাজটি ঢাকায় জরুরি অবতরণে বাধ্য হয়।
ওই ফ্লাইটের সব যাত্রী ও সাতজন ক্রুর সবাই নিরাপদে আছেন বলে বিমান কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণে বাধ্য হয়। উড়োজাহাজের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।।
তার দুই সপ্তাহের মাথায় বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার পর সমস্যা ধরা পড়লে ঢাকায় ফিরে আসে।
