২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির মামলায় তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ জানুয়ারি দিন রেখেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বুধবার মামলার এজাহার পৌঁছালে মহানগর হাকিম সাদবীর ইয়াসির মাহমুদ চৌধুরী প্রতিবেদন দাখিলের এই দিন ঠিক করে দেন।

পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং উড়োজাহাজে করে প্রধানমন্ত্রীর হাঙ্গেরী যাত্রার পথে গত ২৭ নভেম্বরে এই ত্রুটি ধরার পর গাফিলতির অভিযোগে দুই দফায় রাষ্ট্রায়ত্ব কোম্পানিটির আট প্রকৌশলীসহ নয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর গত মঙ্গলবার রাতে রাজধানীর বিমানবন্দর থানায় বরখাস্ত ওই নয়জনকে আসামি করে এই মামলা করেন বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এমএম আসাদুজ্জামান।

মামলার পর বিমানবন্দর থানার এসআই মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “বিভাগীয় তদন্তে ওই নয়জনের কর্তব্যে অবহেলা ও গাফিলতির প্রমাণ পাওয়ায় বিমানের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে।”

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। মেরামত শেষে প্রায় ৪ ঘণ্টা পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে যাত্রা করে উড়োজাহাজটি।

উড়োজাহাজের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে। এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে বিমান মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি করে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনার তিন দিনের মাথায় বিমানের পাঁচ প্রকৌশলীসহ ছয়জনকে সামিয়ক বরখাস্ত করা হয়।

এরা হলেন- প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস, লুৎফুর রহমান, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে আরও তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

তারা হলেন- বিমানের চিফ ইঞ্জিনিয়ার (প্রডাকশন) দেবেশ চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (সিস্টেম অ্যান্ড মেইনটেইনেন্স) বিল্লাল হোসেন।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: ৯ জনকে আসামি করে মামলা