২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হুজ হু’ সম্মাননা পেলেন ১২ বাংলাদেশি

সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, শিল্প ও সাহিত্য, সামাজিক কর্মকাণ্ড, কৃষি, ক্রীড়া, শিল্প-বাণিজ্য, উদ্যোক্তা ও প্রবাসী শাখায় ‘বিশেষ’ অবদানের জন্য ১২ বাংলাদেশিকে সম্মাননা জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন ‘হুজ হু’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 09:15 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘হুজ হু’ এর বাংলাদেশ শাখার উদ্বোধনী আয়োজনে মঙ্গলবার আজীবন সংবর্ধনা দেওয়া হয় প্রখ্যাত সাংবাদিক-সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীকে।

এছাড়া শিল্প ও সংস্কৃতিতে ছায়ানট সভাপতি ড. সনজীদা খাতুন, শিক্ষাক্ষেত্রে এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, সাংবাদিকতায় দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, শিল্প ও সাহিত্যে হাসান আজিজুল হক, সামাজিক কর্মকাণ্ডের জন্য ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কৃষিতে চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজকে এই সম্মাননা দেওয়া হয়

ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, শিল্প-বাণিজ্য ক্ষেত্রে রহিম আফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহিম, উদ্যোক্তা হিসেবে এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস-উদ-দ্দৌলা, নারী উদ্যোক্তা হিসেবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, প্রবাসী বাংলাদেশি হিসেবে ব্যারিস্টার মনোয়ার হোসেন এই সম্মাননা পান।

রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংবর্ধিত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, হুজ হু বাংলাদেশের প্রধান উপদেষ্টা এ কে আব্দুল মোমেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “এখানে যাদেরকে সম্মানিত করা হয়েছে; তারা আসলেই গুণী ব্যক্তিত্ব, এটা তাদের পাওনা। আমি আশা করব হুজ হুর এ উদ্যোগ যেন কোনোভাবেই ব্যাহত না হয়।

“আজকে যারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারা একটি ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিলেন।”

শাহরিয়ার আলম বলেন, “যারা সম্মাননা পেয়েছেন, তারা সকলেই স্ব স্ব ক্ষেত্রে সেরা মানুষ। তাদের জন্য গর্বের হবে যদি নতুন প্রজন্ম তাদের কর্মক্ষেত্রে উৎসাহ নিয়ে এগিয়ে যান। সে সঙ্গে তাদের কাজ যেন ধরে রাখেন।”

আজীবন সংবর্ধনা গ্রহণ করে আবদুল গাফফার চৌধুরী বলেন, “এখানে যারা সম্মাননা পুরস্কার পেয়েছেন, তারা প্রত্যেকেই নিজের স্থানে বৈশিষ্ট্যের গুণে গুণান্বিত। আমার কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়ায় যায়নি বলে, আমাকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে!

“জীবনের শেষ প্রান্তে এসে এ পুরস্কার পেয়ে আনন্দিত হয়েছি। যাদের সঙ্গে পেয়েছি, তারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন। আজকে তাদের গুণে গুণান্বিত হলাম।”

সনজীদা খাতুন বলেন, “আমাকে সঙ্গীতের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে, কিন্তু আমি সাংস্কৃতিক সংগঠক পরিচয়টি দিতেই পছন্দ করি। গান গাই, শিক্ষকতা করি, কিন্তু সংগঠকের কাজ করতেই অত্যন্ত ব্যস্ত, ব্যাগ্র থাকি। আমি বেশিরভাগ সম্মাননা গ্রহণ করতে যাই না, কারণ আমি মনে করি, যে কাজ করি তা পুরস্কারের জন্য করি না।”

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “যেকোনো সম্মাননা কিছু না কিছু প্রেরণা জোগায় সামনের দিকে দিকে যাওয়ার। সে সঙ্গে সম্মাননা প্রদানকারী সংস্থাও প্রত্যাশা করে, যাতে সম্মাননার মর্যাদা রক্ষা করা হয়। আমি সেই চেষ্টা করব।”

সম্মাননা পেয়ে ভালো লাগার কথা জানিয়ে স্যার ফজলে হাসান আবেদ বলেন, “এ ধরনের সম্মাননা পেলে আমাদের কর্মীরা খুশি হন।”

আর সাংবাদিকতায় যারা কাজ করেন, এ ধরনের সম্মাননা তাদের সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ ও উদ্দীপনা বাড়িয়ে তোলে বলে মন্তব্য করেন সাংবাদিক তোয়াব খান।

আকরাম খান বলেন, “ক্রিকেটের অনেক অর্জন আছে। তবে ১৯৮৮ সালে যখন খেলা শুরু করেছি, তখন আমাদের দেশকে অনেকেই বন্যাকবলিত দেশ হিসেবে চিনতেন। এখন ক্রিকেটের জন্য চেনেন।”

অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি হাসান আজিজুল হক। এক ভিডিওবার্তায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফাহমিদা খাতুন ও তানিয়া মান্নান, নজরুলসঙ্গীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল এবং পল্লীগীতি পরিবেশন করেন শিল্পী সাঈদা তানি। কবিতা আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়।

আয়োজকরা জানান, হুজ হু ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বের অনুসরণীয় গুণীজনদের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ এবং পদক প্রদান করে আসছে। এখন পর্যন্ত সারা বিশ্বের ৩৩ হাজার গুণীজনের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছে।

বাংলাদেশে এবারই প্রথম হুজ হু বাংলাদেশ পদক প্রদান উৎসবের আয়োজন করা হয়েছে। এ বছর থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে এ পদক প্রদান করা হবে।