চুক্তিতে থাকছেন তথ্যসচিব, ইফা মহাপরিচালক
তথ্যসচিব মরতুজা আহমদ ও ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে একবছরের চুক্তিতে আগের পদেই নিয়োগ দিয়েছে সরকার।
সেসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালের চুক্তিভিত্তিক নিয়োগ আগামী ১ জানুয়ারি থেকে বাতিল করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মরতুজা আহমদ অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে আগামী ২৩ ডিসেম্বর অথবা তার যোগদানের তারিখ থেকে তথ্যসচিব হিসেবে একবছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন।
সুনামগঞ্জে জন্ম নেওয়া মরতুজার আগামী ২২ ডিসেম্বর পিআরএলে যাওয়ার কথা ছিল। তার এই চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।
১৯৮২ সালে বিশেষ বিসিএস ব্যাচের কর্মকর্তা মরতুজা আহমদ এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবের দায়িত্বে ছিলেন।
অন্যদিকে ১৯৮৩ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেওয়া সামীম মোহাম্মদ আফজাল সিলেটে সহকারী জজ হিসেবে চাকরি শুরু করেন।
২০১৫ সালের শেষ দিকে তার বিরুদ্ধে মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কাজী হাবিবুল আউয়ালের ২০১৫ সালের ১৭ জানুয়ারি পিআরএলে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করে ওই বছরের ২১ জানুয়ারি এক বছরের চুক্তিতে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নিয়োগ দেয় সরকার। গত ২১ জানুয়ারি তার চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়।
বিচার বিভাগের কর্মকর্তা হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে সুপার নিউমারারি (স্বল্প সময়ের জন্য) সচিব ছিলেন।
সেখান থেকে তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রথমে ধর্ম সচিব এবং পরে প্রতিরক্ষা সচিব হিসাবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। ২০১৪ সালের ১৮ জুন তার চাকরির মেয়াদ এক বছর বাড়ায় সরকার।
