২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজের প্রাক-নিবন্ধন শুরু ১৫ জানুয়ারি

আগামী বছর যারা হজ করতে আগ্রহী তাদের প্রাক-নিবন্ধন ১৫ জানুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 02:49 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

মঙ্গলবার উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে হজের প্রাক-নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে ধর্মমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে প্রাক-নিবন্ধন কার্যক্রমকে ত্রুটিমুক্ত এবং সহজ করতে হবে।

প্রাক-নিবন্ধন শুরুর আগেই বৈধ হজ এজেন্সিগুলোর তালিকা প্রকাশ করা হবে বলেও জানান মতিউর রহমান।

গত বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৩০ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হয়েছিল।

ধর্মমন্ত্রী বলেন, “গতবছর এক লাখ ৪০ হাজার জন প্রাক-নিবন্ধন করলেও তাদের মধ্যে হজ ব্যবস্থাপনার সদস্যসহ এক লাখ এক হাজার ৮২৯ জন হজ করেছেন। গত বছর নিবন্ধন করেও যারা হজে যাওয়ার সুযোগ পাননি তারা ২০১৭ সালে অগ্রাধিকার পাবেন।

“প্রত্যেক হজযাত্রী যেন সহজে, নির্বিঘ্নে এবং স্বচ্ছতার মাধ্যমে হজ নিবন্ধন করতে পারেন সেজন্য ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস, ডিসি অফিস, ইসলামিক ফাউন্ডেশন, হাব, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হবে।”

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রাক-নিবন্ধনের পর ব্যাংক থেকে একটি সনদ দেওয়া হবে। মোবাইল ফেনে এসএমএস করে প্রাক-নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হবে। নির্ধারিত ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে প্রাক-নিবন্ধন ফি।

সরকারি ব‌্যবস্থাপনায় হজে যেতে চাইলে জেলা প্রশাসক অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌর ডিজিটাল সেন্টার, সিটি করপোরেশন ডিজিটাল সেন্টার থেকে প্রাক-নিবন্ধন করা যাবে।

আর বেসরাকারিভাবে যেতে চাইলে মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজন্সি থেকে নিবন্ধন করা যাবে।

হজে যেতে প্রাক-নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের কম হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ), পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল ফোন নম্বর, এমআরপি পাসপোর্ট প্রয়োজন হবে।

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশ থেকে ১ লাখ এক হাজার ৭৫৮ জন হজে যান। আগামী বছর এই সংখ্যা বাড়তে পারে বলে কর্মকর্তারা আভাস দিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাকির আহমেদের সভাপতিত্বে ধর্মসচিব মো. আব্দুল জলিল ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।