২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের তাড়া খাওয়ার পর ইয়াবা উদ্ধার, আটক ১ 

রাজধানীর ডেমরার এক বাসায় ইয়াবা উদ্ধারে গিয়ে পুলিশের কুকুরের ধাওয়া খাওয়ার ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত অবশ্য পুলিশ বাসাটি থেকে ১১শ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 02:03 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

সোমবার দুপুর ২টার দিকে ডেমরা থানাধীন সারুলিয়ার টেংরা এলাকার  মা মেমোরিয়াল স্কুল রোডের আমতলা গলিতে ওই ঘটনা ঘটে। তবে বিষয়টি মঙ্গলবার সংবাদকর্মীরা জানতে পারেন।

ডেমরা থানার এএসআই শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযানে গেলে জার্মান শেফার্ডের মতো দেখতে একটি কুকুর পুলিশ সদস্যদের ধাওয়া করে।

“এরপর সবাইকে সঙ্গে নিয়ে বাসায় ঢুকে ইয়াবা এবং ইয়াবা তৈরির যন্ত্রপাতি, উপকরণসহ মোহাম্মদ নাসির আহমেদ নামের একজনকে আটক করা হয়।”

ওয়ারী জোনের উপ-কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন মঙ্গলবার পুলিশের গণমাধ্যম কার‌্যালয়ে সাংবাদিকদের বলেন, “এক বছর ধরে ওই বাসায় ইয়াবা তৈরি হচ্ছিল। প্রতিদিন অন্তত ৫শ ইয়াবা তৈরি হতো। চক্রের ৭/৮ জন সক্রিয় সদস্য রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তিনি জানান, আটক নাসির এক সময় ভেষজসহ বিভিন্ন ওষুধ বিক্রি করতেন।

“বেশি লাভের আশায় পুরোনো ব্যবসা ছেড়ে সে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে,” বলেন পুলিশ কর্মকর্তা ফরিদ।

ওই বাসায় থেকে ইয়াবা তৈরির প্রায় ২৫ কেজি উপাদান জব্দ করা হয়েছে, যা দিয়ে চার লাখ ইয়াবা তৈরি সম্ভব বলে জানান তিনি।