২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা: ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা করতে মিয়ানামারের রাজধানী থেকে বাংলাদেশ সফরে আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 09:43 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

ইয়াঙ্গুনে আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে অং সান সু চির বৈঠকে অংশ নিয়ে সোমবার রাতে ঢাকায় পৌঁছবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা করবেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী; বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হবে কক্সবাজারের উখিয়ায় সীমান্ত পোস্টে, যেখান দিয়ে সম্প্রতি রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে ঢুকছে।

এর পর জাকার্তায় ফিরে যাওয়ার আগে বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মারসুদি।

শনিবার ইন্দোনেশিয়ার অন্যতম শীর্ষ দৈনিক জাকার্তা পোস্টের অনলাইন সংস্করণে রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ ও মিয়ানমার সফরের খবর দেওয়া হয়।

এ সফরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানের উপায় খোঁজার চেষ্টা করবেন বলে খবরে বলা হয়।

রেতনো শুক্রবার জাকার্তায় সাংবাদিকদের বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলরের (অং সান সু চি) আমন্ত্রণে ১৯ ডিসেম্বর আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইয়াঙ্গুনে রাখাইন রাজ্যের অবস্থা নিয়ে বৈঠক করবেন।

“আমাদের প্রত্যাশা যে মিয়ানমারের সরকার রাখাইন রাজ্যের সর্বসাম্প্রতিক অবস্থার খুঁটিনাটি জানাবে। সরাসরি স্টেট কাউন্সিলরের কাছ থেকে এসব বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া একটি দারুণ শুরু।”

খবরে বলা হয়, আসিয়ানের বৈঠক শেষে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকার উদ্দেশে ইয়াঙ্গুন ছেড়ে যাবেন।