মানবসম্পদ উন্নয়নে তহবিল হচ্ছে
দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করতে ‘জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল’ গঠন এবং ‘ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি’ (এনএসডিএ) নামে নতুন একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অর্থ বিভাগের অধীনে ‘জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল’ গঠন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনএসডিএ নামে ‘লিগ্যাল অথরিটি’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, নতুন ওই কর্তৃপক্ষ গঠন করতে একটি আইন করা হবে। আর স্কিল ডেভেলপমেন্টের জন্য করা হচ্ছে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল।
তহবিলের আকার কেমন হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থ মন্ত্রণালয়ের আওতায় একটি প্রকল্প থেকে শুরুর দিকে অর্থায়ন করা হবে।
“পরে আরও ডেভেলপ করা হবে। এখানে অনেক রকমের সোর্স আসার সুযোগ আছে।”
মন্ত্রিসভার অনুমোদনের মধ্য দিয়ে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল গঠনের প্রক্রিয়া শুরু হল জানিয়ে শফিউল আলম বলেন, “অথরিটির জন্য আইনের খসড়াও তৈরি হয়ে গেছে।”
সোমবারের মন্ত্রিসভা বৈঠকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস আইন, নজরুল ইনস্টিটিউট আইন এবং জাতীয় ক্রীড়া পরিষদ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
