২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে গোলযোগ ‘নাশকতা’ কি না জানতে মামলার ইংগিত

হাঙ্গেরি সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ যে ‘মনুষ্যসৃষ্ট যান্ত্রিক সমস্যায়’ জরুরি অবতরণে বাধ্য হয়েছিল, তার পেছনে ‘নাশকতার উদ্দেশ্য’ ছিল কি না জানতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 04:09 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর বিমানে গোলযোগ: মন্ত্রণালয়ের প্রতিবেদন জমা
প্রধানমন্ত্রীর বিমানে গোলযোগ: আরও তিন প্রকৌশলী বরখাস্ত
গাফিলতিতে প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, বরখাস্ত ৬
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি তদন্তে ৩ কমিটি
বিমানে গোলযোগের পর নিরাপদে বুদাপেস্টে প্রধানমন্ত্রী

ওই ঘটনায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর রোববার বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মামলা করার ইংগিত দেন।

“মন্ত্রণালয়ের সুপারিশ এবং তিনটি তদন্তের ভিত্তিতে যে সুপারিশটা যুক্তিযুক্ত, তা হচ্ছে যে, মনুষ্যসৃষ্ট বিষয়টি নাশকতমূলক কি না তা আইনের আওতায় এনে তদন্ত করতে হবে এবং এর ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণ করে তার জন্য যে শাস্তির বিধান থাকে সেই শাস্তি প্রদান করতে হবে।”

মেনন বলেন, “নাট ঢিলা হয়ে যাওয়ায় তেল কমে গিয়েছিল এবং একটা পর্যায়ে এটা নিশ্চিতভাবে বিপদজনক হতে পারত। আমাদের সৌভাগ্য মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষতিসাধন হয়নি, এর চেয়ে বড় রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন আর আসতে পারে না। তিনি শুধু সরকার প্রধানই নন, বঙ্গবন্ধুর কন্যা। তার জীবননাশের জন্য বহুবার চেষ্টা হয়েছে।”

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ত্রুটি মেরামত শেষে প্রায় ৪ ঘণ্টা পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে যাত্রা করে উড়োজাহাজটি।

ওই উড়োজাহাজের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে হওয়ার পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে ২৮ নভেম্বর পাঁচ সদস্যের কমিটি করে বিমান মন্ত্রণালয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও (বেবিচক) আলাদা তদন্ত গঠন করে। ওই দুই কমিটি আগেই তাদের প্রতিবেদন দিয়েছে।

Image
ত্রুটির কারণে জরুরি অবতরণের পর তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে বিমানের বোয়িং উড়োজাহাজটি

ত্রুটির কারণে জরুরি অবতরণের পর তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে বিমানের বোয়িং উড়োজাহাজটি

বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারের নেতৃত্বে গঠিত তৃতীয় তদন্ত কমিটি রোববার সকালে তাদের ৪৮ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিলে বিকালে সাংবাদ সম্মেলনে আসেন মেনন।

তিনি বলেন, “আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে তিনটি কমিটি গঠন করেছিলাম। একটি বিষয় তিনটি তদন্ত রিপোর্টেই এসেছে- সমস্ত ঘটনাটি, নাট ঢিলা হওয়ার ব্যাপারটি মনুষ্যসৃষ্ট। এটা কি ইন্টেনশনাল নাকি আনইন্টেনশনাল, তা তদন্ত কমিটিগুলোর পক্ষে নির্ধারণ করা সম্ভব হয়নি।

“নির্দিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে এটা কোনো নাশকতামূলক কাজ কি না- অথবা আনপ্রফেশনাল কাজ কি না, তা নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে সামান্যতম নাশকতার প্রমাণ পাওয়া গেলে … ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে ইতোমধ্যে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হবে কি না, তা স্পষ্ট করেননি বিমানমন্ত্রী।

ঘটনার পর বিমানের প্রাথমিক তদন্তের ভিত্তিতে রাষ্ট্রীয় এই সংস্থার পাঁচ প্রকৌশলীসহ ছয়জনকে সামিয়ক বরখাস্ত করা হয়।এরা হলেন- প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস, লুৎফুর রহমান, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে আরও তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্তরা হলেন- বিমানের চিফ ইঞ্জিনিয়ার (প্রডাকশন) দেবেশ চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (সিস্টেম অ্যান্ড মেইনটেইনেন্স) বিল্লাল হোসেন।

উড়োজাহাজে যান্ত্রিক গোলযোগের ঘটানা তদন্তে গঠিত তিনটি কমিটির প্রতিবেদন সমন্বিত করে তা দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর হাতে অথবা তার কার্যালয়ে দেওয়া হবে বলেও জানান মেনন।

“সেখানে (প্রধানমন্ত্রীর কার্যালয়) বসেই সুনির্দিষ্ট করা হবে তাদের নির্দেশ অনুসারে, পরবর্তী পদক্ষেপ কি হবে,” বলেন মন্ত্রী।

তদন্ত প্রতিবেদনে নিরাপত্তাজনিত বিভিন্ন সুপারিশ আছে জানিয়ে মেনন বলেন, ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিতে চারটি, বেবিচকের জন্য তিনটি এবং বিমানের জন্য ১০টি সুপারিশ রয়েছে।

“মন্ত্রণালয়কে বলা হয়েছে, বিমানের কার্যাবলী আরও নিবীড়ভাবে মনিটরিং করা। প্রয়োজনে সেসব কাজে হস্তক্ষেপ করা, এখানে আইনের প্রশ্ন থাকবে, সে বিষয়ও বিবেচনা করতে বলা হয়েছে।”

মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে নয়জনকে দায়ী করা হলেও তাদের নাম প্রকাশ না করে মেনন বলেন, “নয়জকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে, এদের সঙ্গে হয়ত আরও যুক্ত হবে। সবার বিরুদ্ধে মামলা করা হবে কি না সেটা পরীক্ষা করা হচ্ছে। কারণ সুপারিশে বলা হয়েছে সুনির্দিষ্টভাবে মামলা করতে।

“আইনানুগ প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকুক, কোনো ধরনের কোনো সুযোগ সৃষ্টি হোক সেটা আমরা করতে চাচ্ছি না। … আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা না করলে তার মন্ত্রণালয় কিংবা বিমান মামলা করতে পারে বলে জানান তিনি।

কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হবে বলে জানান বিমানমন্ত্রী।

এসওপিতে (স্ট্যান্ডিং অপারেটিং প্রোসিডিউর) ত্রুটি পরিলক্ষিত হয়েছে জানিয়ে মেনন বলেন, অর্থাৎ যাদের যেখানে যে কাজগুলো করার কথা ছিল, চেক লিস্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়ে এগুলো করা হয়নি। এসওপিকে যুগোপযোগী করতে বলা হয়েছে।

ভিভিআইপি ফ্লাইটে নিরাপত্তায় ক্রটি লক্ষ্য করা গেছে জানিয়ে মেনন বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে অনেক লোক সেখানে ঘোরাফেরা করছে, কারা এরা, কি ব্যাপার তা নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। এগুলো সমাধান করতে হবে।

এসএসসি পাস না করেও কীভাবে অনেকে বিমানের প্রকৌশলী হয়েছে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “মন্ত্রণালয়ের প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে, তাই সামগ্রিক ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে।”

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ক্রটির ঘটনায় মন্ত্রী হিসেবে দায় আছে কি না- জানতে চাইলে মেনন বলেন, “মন্ত্রী হিসেবে আমার দায় আছে কি না তা আপনারা (সাংবাদিক) বিবেচনা করবেন। আমি তো নৈতিক দায় সব সময়ই স্বীকার করি, তার মানে এই নয় যে, আমার দায় আছে।”

এই ঘটনায় নৈতিক অবস্থান থেকে মন্ত্রীত্ব ছাড়ার বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, “বিমানের সাথে তো আমার এটার কোনো সম্পর্ক নেই। এটা তো জোর করে টেনে নিয়ে প্রশ্ন করলেন।… ব্যর্থতার জন্য সাসপেন্ড করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এরপরও আরও স্পষ্ট করে কি বলার আছে আমি জানি না।”