২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় উপযাপনে রাজধানীবাসীর ঢল ঢাবি ক্যাম্পাসে

বিজয়ের আনন্দ উপযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজধানীর মানুষের ঢল নেমেছে, যাতে ক্যাম্পাসে আয়োজিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক আয়োজন মুখর হয়ে ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 07:29 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

শুক্রবার সারাদিন ক্যাম্পাসের এমন আনন্দঘন পরিবেশ মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপযাপিত হয় বিজয় দিবস।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে আতশবাজি ফুটিয়ে, ফানুস উড়িয়ে বিজয় দিবসকে বরণ করে নেওয়া হয়। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

এছাড়া দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়।বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, ডাকসু ভবনের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, টিএসসি প্রাঙ্গন কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় খেলার মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনারে করা হয়েছে নানা আয়োজন।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে যোগ দিতে সকাল থেকেই ক্যাম্পাসে ভিড় জমায় সর্বস্তরের মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেন এসব আয়োজনে।

বিজয়ের দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজন করা হয় বিজয়ের গানের। সকাল ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। একই অনুষ্ঠানে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল- কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকাল ৪টা ৩১ মিনিটে গেরিলা বহিনীর কাছে পাকিস্তানী হানাদার বাহিনীর আন্তসমর্পণ দলিলে প্রতীকী স্বাক্ষরের মাধ্যমে বিজয়ের মূহূর্ত উদযাপন, ডাকসুর সামনে মুক্তিযুদ্ধের আলোকচিত্র এবং পত্রিকা প্রদর্শনী, টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির 'সংবাদপত্রে বিজয় সংগ্রাম' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

Image
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় শোভাযাত্রা

এছাড়া দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিটি টিএসসির শান্তির পায়রা চত্বর থেকে শুরু হয়ে স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, রাজু ভাস্কর্য হয়ে টিএসসিতে এসে শেষ হয়।

বিকালে সমিতির সদস্যদের অংশগ্রহণে কবি জসীম উদ্দীন হলের মাঠে আয়োজন করা হয় বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ।

সন্ধ্যায় কেন্দ্রীয় লাইব্রেরীর পাশে বিজয় উৎসবের ৪৫ বছর উপলক্ষে ৪৫টি ফানুস উড্ডয়ন করা হয়। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সকাল থেকে টিএসসিতে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পৌষ-পার্বণ ও বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় লোকজ মেলার। বিকালে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। সকালে আবৃত্তি সংগঠন ‘স্বরকল্পন’ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জমায়েত হয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে।

Image
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় শোভাযাত্রা

সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় র‌্যালি বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিজয় র‌্যালিটি শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে প্রেস ক্লাব দিয়ে শাহবাগ যায়। শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়। এর আগে শহীদ মিনার থেকে সাইকেল র‌্যালি করে টিএসসির রাজু ভাস্কর্যে আসে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ।

দিবসটি উপলক্ষে বিজয় র‌্যালি বের করে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। দুপুর ২টায় ক্যাম্পাসে এই র‌্যালি বের করে সংগঠনটি। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান র‌্যালিতে নেতৃত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের নেতা-কর্মীরা এতে অংশগ্রহণ করেন।

এদিকে ঢাকা বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছায়ানট ও বিশ্ববিদ্যালয় যৌথভাবে আয়োজন করে সংগীতানুষ্ঠানের। বিকালে তারা জাতীয় সংগীত পরিবেশন করে।