বিজয় দিবসে ঢাবি ক্যাম্পাসে সাইকেল শোভাযাত্রা
বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ।
শুক্রবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি রাজু ভাস্কর্যে এসে এই শোভাযাত্রা শেষ হয়।
‘আমার সোনার বাংলাদেশ, সবার চাইতে বেশ’- এই স্লোগান নিয়ে আয়োজিত এই সাইকেল শোভাযাত্রার সূচনায় শহীদ মিনারে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান।
তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সমস্ত ধরনের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মেকে সোচ্চার হওয়ার তাগিদ দেন।
সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুসের সভাপতিত্বে সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব) হারুন-অর-রশিদ, বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপের সাধারণ সম্পাদক আকবর রেজা, নিরুপমা ফাউন্ডেশনের সভাপতি নাজনীন নাহার নিরুপমা তিথী এবং কেরানীগঞ্জ সাইক্লিং এর সভাপতি কালিম সান্টু এ সময় উপস্থিত ছিলেন।
