ট্রেড ইউনিয়নে নারী শ্রমিকের অংশগ্রহণ বাড়াতে হবে: চুন্নু
নারী-পুরুষ ভেদাভেদ না করে শ্রমিককে কেবল শ্রমিকের মর্যাদা দিতে আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে 'পোশাক শিল্প ও শ্রমিকের ক্ষমতায়ন' শীর্ষক এক কর্মশালার বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, "নারী শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারগুলো সম্পর্কে সঠিক কিছু জানেন না।
"কোনো বিষয়ে মামলা করার ক্ষেত্রে নারীদের অনেক হয়রানির শিকার হতে হয়, যা পুরুষ শ্রমিকদের ক্ষেত্রে অনেকাংশেই কম। ট্রেড ইউনিয়নে নারী শ্রমিকের অংশগ্রহণ বাড়াতে হবে। পুরুষের সমকক্ষ হতে তাদের নিজেরও এগিয়ে আসতে হবে।"
বেসরকারি উন্নয়নমূলক সংগঠন 'নারী উদ্যোগ কেন্দ্র' এর ২৫ বছর উদযাপন উপলক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠায় পোশাক শিল্পের শ্রমিকের আর্থ সামাজিক উন্নয়নে চাকরির নিরাপত্তা, চাকরির মেয়াদ শেষ হলে পেনশনের ব্যবস্থা ও ক্ষতিপূরণ ইত্যাদি নিশ্চিতকরণ সম্পর্কে আলোচনা করেন।
নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালি বলেন, "নারী উদ্যোগ কেন্দ্র গার্মেন্টস শিল্পের শ্রমিকের সামাজিক, নৈতিক, স্বাস্থ্য, পরিবেশগত অধিকার এবং নিরাপত্তা রক্ষায় কাজ করে আসছে। বিজিএমইএর কাছে আমাদের দাবি, তারা যাতে নারী শ্রমিকদের নিরাপত্তা এবং বেতন-ভাতা নিশ্চিতকরণে কাজ করে।"
বক্তব্যে বিগত বছরে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন নারী উদ্যোগ কেন্দ্রের পরিচালক।
নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী কমিটির সভাপতি তাহিয়া খলিলের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে সরকারি ও বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
