৪ মন্ত্রণালয়, ২ বিভাগে নতুন সচিব
চার মন্ত্রণালয় এবং দুই বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল।
একজন ভারপ্রাপ্ত সচিবকে সচিব পদে পদোন্নতি এবং মোট সাতজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বিভিন্ন দপ্তরে বদলি করে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসনে এই রদবদলে নতুন সচিব পেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
সচিব পদমর্যাদায় কর্মরত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ রেজা খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।
ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দায়িত্বরত বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান আহমদ কায়কাউস বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন।
ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনকে খাদ্য মন্ত্রণালয়ে, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমাগীরকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক শুভাশীষ বোসকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্যেদের পদটি সচিব পদমর্যাদার।
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমতুল মুনিমকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশে পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায় সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
অতিরিক্ত সচিব প্রশান্ত কুমার ভারপ্রাপ্ত সচিবের মর্যাদায় দায়িত্বে ছিলেন। তাকে সচিব করে প্রথমে ওএসডি করা হলেও আলাদা আদেশে আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।
পরিবেশ ও বন সচিব কামাল উদ্দিন আহমেদকে গত ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দিয়েছে সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করে সরকার, যার একটি হল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। অন্য যেসব মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ হয়েছে সেসব দপ্তরের সচিবদের চাকরির মেয়াদ শেষ।
