বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় এমপিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
বর্তমান বিশ্ব পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় কমনওয়েলথ দেশগুলোর এমপিদের ঐক্যবদ্ধ উদ্বোধনী প্রক্রিয়া খোঁজার আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
লন্ডনে স্থানীয় বুধবার ৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনী অনুষ্ঠানে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন শিরীন শারমিন এ আহ্বান জানান।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়
অনুষ্ঠানে স্পিকার বলেন, “সিপিএ আন্তঃসংসদীয় সংলাপের এক অনন্য ক্ষেত্র। সিপিএ কেবলমাত্র কমনওয়েলথ দেশসমূহের এমপিদেরই একটি ফোরাম নয় বরং প্রাদেশিক পরিষদ ও রাষ্ট্রীয় আইন প্রনেতাদেরও ফোরাম।
শিরীন শারমিন বলেন, “৬২তম কমনওয়েলথ সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘এ কোলাবোরেটিভ কমনওয়েলথ: ইউনিটি, ডাইভারসিটি অ্যান্ড কমন চ্যালেঞ্জেস’ যা বিশ্বের বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত সময়োপযোগী।
“বিশ্ব চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ঐক্যের কোনো বিকল্প নেই এবং বিভিন্ন দলভিত্তিক আলাপ আলোচনার মাধ্যমে নতুন উদ্ভাবনী প্রক্রিয়ায় এ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে।”
সম্মেলনে সিপিএর নয়টি অঞ্চল আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটিশ দীপপুঞ্জ ও ভূমধ্যসাগরীয়, কানাডা, ক্যারিবিয়ান, আমেরিকাস অ্যান্ড আটলান্টিক, ভারত, প্যাসিফিক এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের ৫২টি দেশের স্পিকার, এমপি ও পার্লামেন্টের স্টাফ অংশ নেন।
