দুই শহীদ সন্তানের দুঃখগাঁথা
দেশের স্বাধীনতার জন্য লড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন বাবা, মাও হারিয়ে গেলেন সেই দুর্দিনে- ছোট্ট নট কিশোর আদিত্য এরপর নানা বঞ্চনার মধ্য দিয়ে বেড়ে ওঠেন স্বাধীন বাংলাদেশের আলো-বাতাসে।
শহীদ প্যারী মোহন আদিত্যর ছেলে নট কিশোরের মতো শিশু বয়সে বাবাকে হারানোর বেদনা সালমা নার্গিসের, নড়াইলের কালিয়ার শহীদ মুক্তিযোদ্ধা শেখ আবদুস সালামের মেয়ে তিনি।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে স্মৃতিচারণ করতে গিয়ে বাবার কথা বলার পাশাপাশি নিজেদের কষ্টের কথাও উঠে আসে তাদের জবানবন্দিতে। দুজনেরই দীর্ঘশ্বাস, বাবার এক টুকরোও স্মৃতি না থাকার।
নট কিশোর বলেন, “আমার বাবা-মায়ের কোনো স্মৃতি আমার কাছে নেই। আমার বাবা কেমন ছিল, তা আমি জানি না। এই দোসর রাজাকারদের জন্য কিছু মানুষ আমার সব স্মৃতি ধ্বংস করে দিয়েছে। পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমি বুঝেও উঠতে পারিনি-কেন এমন করল। মাঝে মাঝে ভাবি- ইশ, যদি একটু স্মৃতি থাকত!।”
তিনি বলেন, বাবা মুক্তিযুদ্ধে শহীদ হন। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়।
“আমরা স্বাধীন দেশ পেয়েছি। তারপর আমার মা কোথায় হারিয়ে গেল, এখন পর্যন্ত আমি কোনো খোঁজ পেলাম না। আমি জানি না, মা আছেন নাকি নাই।”
“হারিয়ে যাওয়ার পর মাকে অনেক খুঁজেছি। পাইনি, কষ্ট পেয়েছি।”
স্বাধীন দেশেও কষ্টের দীর্ঘ পথ তাকে পাড়ি দিতে হয় বলে জানান নট কিশোর। মানুষের সমালোচনার কারণে এক পর্যায়ে মাকে খোঁজাখুজিও বন্ধ করে দেন বলে জানান তিনি।
“বিভিন্ন জন বিভিন্নভাবে মায়ের সম্পর্কে খারাপ কথা বলে, ভালো কথা আর কেউ বলে না। পরে মাকে খোঁজা বন্ধ করে দিয়েছি। বলেছি, মা তুমি যেখানেই থেক, ভালো থেক, আর আমার জন্য আশির্বাদ করো।”
স্বাধীনতার ইতিহাস নানাভাবে ‘চাপিয়ে রাখা হয়েছে’ মন্তব্য করে দৃষ্টান্ত হিসেবে নিজের বাবার কথা বলেন নট কিশোর।
তিনি বলেন, “২৫ মার্চের একদিন আগেও বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হয় আমার বাবার। তখন ত্রাণ ফান্ডে তিনি টাকাও দিয়েছেন। মাস চার হয় আমি এটা জানলাম। এখনও পাকিস্তানের দোসররা এ রকম ইতিহাস চাপিয়ে রাখছেন।”
বাবাকে নিয়ে তিনি বলেন, “১৯৭১ সালের এপ্রিলের ৪ তারিখে তখনও মুক্তিযুদ্ধ ওইভাবে শুরু হয়নি। ওই সময় উনি ধরা পড়েন। তবে শেষ পর্যন্ত বেঁচে ফিরে আসেন। মে মাসের ২১ তারিখ উনাকে ফের ধরে নিয়ে যায়। কয়েকদিন অত্যাচারের পর উনি পালাতে সক্ষম হন।
“তখন ৫-৬ মাস আমার বয়স। অন্যের কাছে শুনে বা বই পড়ে কিছু জানতে পারি।”
ঘাটাইলে কাদেরিয়া বাহিনীর হয়ে তার বাবা যুদ্ধ করেছেন জানিয়ে নট কিশোর বলেন, “টাঙ্গাইলের পাকুটিয়ায় ওরা আক্রমণ করে। আমার বাবাকে গুলি করে। বেয়নেট দিয়ে খোঁচায়। ঘাসের ওপর টানে, ঘাস লাল হয়ে যায়। এরপর ওরা বাবাকে ফেলে চলে যায়। বাবা তখনও মারা যাননি। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, বাবা প্রার্থনা করতেন। তিনি প্রার্থনা করেন। এরপর চলে যান। আমি চিরদিনের মতো আমার বাবাকে হারাই।
“যাবার আগে তিনি সেখানে থাকা মুক্তিযোদ্ধাদের বলে যান, ‘আমি আর থাকতে পারলাম না, বাংলাদেশ স্বাধীন হবে। নটকে দেখো’।”
এরপর মাও হারিয়ে গেলে আশ্রমে ঠাঁই হয় নট কিশোরের: “হয়তো অনেক সময় না খেয়ে ছিলাম। কেউ জানতে চেয়েছে, খেয়েছো, বলেছি, খেয়ে এসেছি। আসলে আমি খাইনি।”
বিভিন্ন সময়ে নানা অত্যাচার সহ্য করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমার মনে নেই, শুনেছি, আমি তখন ক্লাস টু তে পড়ি। তখন আমাকে একবার পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। কেবল রাজাকাররাই আমাদের নিপীড়ন করেনি, বাবা মুক্তিযোদ্ধা হওয়ায় নানাজন আমাদের বিভিন্নভাবে অপমানিত, নিষ্পেষিত করছে।”
যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এই শহীদ সন্তান।
“শহীদরা ওপাড়ে গিয়ে শান্তি পাচ্ছে যে, আমার হত্যাকারীদের বিচার হচ্ছে,” বলেন তিনি।
শহীদ মুক্তিযোদ্ধা সালামের সন্তান সালমা নার্গিস বলেন, “আমি খুব ছোট ছিলাম। আমার কোনো স্মৃতি নাই। অনুভূতি আছে।”
তিনি জানান, তার বাবার জন্ম ১৯৪০ সালে। ছোট বেলা থেকেই তিনি অসহায় মানুষের সেবা করতেন। সেখান থেকেই তার মুক্তিযুদ্ধের চেতনার সূত্রপাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে ভর্তি হন। তবে সেটা শেষ করতে পারেননি।
“একাত্তরের শুরুর দিকে যখন উনারা প্রস্তুতি নিতে শুরু করেন, তখন উনাদের তেমন কোনো অস্ত্র ছিল না। হালকা অস্ত্র নিয়ে ছাত্র-যুবকদের সংগঠিত করে নিজেদের অনানুষ্ঠানিক অস্ত্র শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাইতেন।
“নড়াইল মহকুমার এসডিও’র সহযোগিতায় সেখানে কিছু অস্ত্র পান। কালিয়া থানার সব অস্ত্র তারা সংগ্রহ করেন। এই অস্ত্র দিয়ে প্রশিক্ষণ ও যুদ্ধ শুরু করেন। কালিয়া থানাকে ঘিরে পাহারা বসিয়েছিলেন। কিন্তু বিপুল সংখ্যক হানাদার বাহিনীর সদস্যদের সঙ্গে টিকে থাকা কষ্টকর ছিল। যুদ্ধে তিনি বন্দি হন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তব্যের রেকর্ড শুনিয়ে সালাম সহযোদ্ধাদের উজ্জীবিত করতেন জানিয়ে তার মেয়ে বলেন, “যখন বুঝতে পারলেন, প্রতিক্ষ বিপক্ষ বিপুল শক্তিতে বলীয়ান, তখন তিনি উচ্চ প্রশিক্ষণের জন্য ভারত যেতে মনস্থির করেন। মে মাসের ২ তারিখে তিনি ধরা পড়েন। তাকে যশোর জেলখানায় নিয়ে যাওয়া হয়। পরে যশোর ক্যান্টনমেন্টে।
“সেখানে তার বিচার হয়। তাকে উর্দুতে জিজ্ঞেস করা হয়, তুমি কি আওয়ামী লীগ করো? উনি উর্দু জানতেন, কিন্তু তিনি উর্দুতে কথা বলতে অস্বীকার করেন। পরে ইংরেজি বলার অনুমতি দিলে তিনি বলেন, হ্যাঁ, আমি আওয়ামী লীগ করি। ৭ মার্চের ভাষণ শোনাও? উনি বলেছেন, হ্যাঁ। ওরা বলেছে, পরিণতি জানো? উনি বলেছেন, হ্যাঁ, জানি। এটা আমার পথ, যা আমি বেছে নিয়েছি।
“ওই অবস্থায় তারা বাবাকে দিয়ে তার কবর খোঁড়ায়। ১৩ মে সেই কবরে তাকে মাটিচাপা দেয়। ”
সিভিল সার্জন আলিমুজ্জামান এবং একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ ওই প্রক্রিয়ার মধ্যে থাকলেও বেঁচে যান জানিয়ে সালমা বলেন, তাদের কাছ থেকেই এসব ঘটনা জেনেছেন তিনি।
“আমরা চার ভাই-বোন, আমার মা, আমার বাবার বৃদ্ধ বাবা-মা, ভাই-বোন, সবাই বাবার প্রতি নির্ভরশীল ছিল। ’৭১ সালের পর মুক্তিযোদ্ধারা মায়ের কাছে আসে, এসে অস্ত্র সমর্পণ করে। একদিকে অস্ত্র সমর্পণের সম্মান, অন্যদিকে স্বজন হারানোর কষ্ট-দুইটার মুখোমুখি হন মা।”
জীবনে কষ্টের কথা স্মরণ করে তিনি বলেন, “মা আজ আর নেই। মা বেঁচে নাই, তাকে রাজাকারের পায়ের কাছে থাকতে হচ্ছে না। রাজাকারের পায়ের কাছে নত হয়ে আমাদের মানুষ হতে হয়েছে। ”
তবে এখন যুদ্ধাপরাধের বিচার চলায় সেই গ্লানিমুক্তি ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন স্রোত আবৃত্তি সংসদ, সংগীত পরিবেশন করে বধ্যভূমির সন্তানদল ও ছায়ানট। মিরপুরের বধ্যভূমিতে শহীদদের তৃতীয় প্রজন্মের উত্তরাধিকারীদের নিয়ে এই ‘বধ্যভূমির সন্তানদল’ গঠন করা হয়েছে।
