২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় অপহরণ ‘চক্রান্ত’ মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমার জন্য ১২ জানুয়ারি দিন রেখেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 11:43 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

বুধবার এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী পুলিশ সুপার হাসান আরাফাত প্রতিবেদন দাখিল করতে পারেননি।

ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

এবার তদন্ত প্রতিবেদন জমার সময় পেছানোয় ১১ থেকে ১২টি ধার্য তারিখে এ মামলার প্রতিবেদন জমা পরেনি বলে জানান সংশ্লিষ আদালতের সাধারন নিবন্ধন কর্মকর্তা মো. জালাল উদ্দিন।

যুক্তরাষ্ট্রপ্রবাসী জয়ের ব্যক্তিগত তথ্য পেতে সেদেশে থাকা এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজার এফবিআইর এক কর্মকর্তাকে ঘুষ দিয়েছিলেন বলে দেশটির আদালতে প্রমাণিত হয় গত বছর।

যুক্তরাষ্ট্রের আদালতের নথিতে দেখা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের ক্ষতি করার লক্ষ্যে তার ব্যক্তিগত তথ্য পেতে আসামি এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দিয়েছিলেন।  

ঘুষ দিয়ে তথ্য পাওয়ার পর তা সিজার বাংলাদেশি ‘একজন সাংবাদিককে’ তা সরবরাহ করেছিলেন এবং বিনিময়ে ‘প্রায় ৩০ হাজার ডলার’ পেয়েছিলেন বলেও নথিতে উল্লেখ করা হয়।

ওই রায়ের পর জয়কে অপহরণ চক্রান্তের অভিযোগ তুলে ২০১৫ সালের ৪ অগাস্ট ঢাকার পল্টন থানায় পুলিশ একটি মামলা করে, যাতে সিজারের বাবা প্রবাসী বিএনপি নেতা মেহম্মদ উল্লাহ মামুনসহ দলটির শীর্ষ নেতাদেরও আসামি করা হয়।  সেই মামলায়ই গত ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান।