‘আজ প্রশ্ন জাগে’ শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের মনে
শহীদ বুদ্ধিজীবীদের একাত্তরের ভূমিকা নিয়ে বক্রোক্তিতে ক্ষুব্ধ, হতাশ শহীদ পরিবারের দুই প্রতিনিধি প্রশ্ন রেখেছেন, বুদ্ধিজীবী দিবসের চেতনা আদৌ কতটা ধারণ করে এই জাতি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজনে এসে শহীদ সিরাজউদ্দীন হোসেনের ছেলে শাহীন রেজা নূর ও শহীদ ড. মোফাজ্জল হায়দার চৌধুরীর ছেলে তানভীর হায়দার চৌধুরী শোভনের কন্ঠে ঝরে এই ক্ষোভ-শ্লেষ আর খেদোক্তি।
শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা সভার শুরুতে তানভীর হায়দার চৌধুরী শোভন বলেন, “একাল-সেকালের বেশকজন কথাশিল্পী প্রশ্ন তুলেন, ‘একাত্তরে বুদ্ধিজীবীরা মারা যাওয়াতে কী এমন ক্ষতি হয়েছে’ কিংবা ‘তাদের এত বেশি মূল্য দিচ্ছি কেন আমরা’?
“যখন এসব কথাবার্তা শুনি, তখন ভাবি তাহলে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য কোথায়?”
পরে আলোচনায় যোগ দিয়ে শহীদ সিরাজউদ্দীন হোসেনের ছেলে শাহীন রেজা নূর যেন একহাত নিলেন সমালোচনামুখর বুদ্ধিজীবীদের।
তিনি বলেন, “আজকের দিনের বুদ্ধিজীবীদের মধ্যে সমস্যা এই আত্মদর্শনের জায়গাটি; নিজের চেহারাটির পেছনে কী আছে সেগুলো দেখার সামান্য তাড়নাও বোধ করে না। এমন অনেক বুদ্ধিজীবী আছেন যারা ক্ষুদ্র মতলবি স্বার্থে কিংবা আত্মস্বার্থে সম্পূর্ণভাবে বিকিয়ে যান।
“রবীন্দ্রনাথের গান- ‘আমারে কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে’, এখন যেন এর পালা চলছে। কে কত অর্থের বিনিময়ে নিজেকে সঁপবে সেটিই শুধু বিবেচ্য বিষয়।”
শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বর্তমানে কোনো কোনো মুক্তিযোদ্ধার অনেক কথা ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেন শাহীন রেজা নূর।
“কী অস্বাভাবিক ব্যাপার! আজকের দিনে কোনো কোনো মুক্তিযোদ্ধাও যখন বলেন, ১৯৭১ সালে অনেক বুদ্ধিজীবীর নাম ধরে বলেন, ‘তাদেরকে এত মূল্য দিতে হবে কেন? তারা তো পাকিস্তান সরকারের চাকরি করেছেন, বেতনভাতা নিয়েছেন’?
“এই মুর্খের দল যে বিষয়টি বুঝতে চায় না, বুঝতে পারে না- সাড়ে সাত কোটি মানুষের সেদিন ভারতে যাওয়ার কোনো উপায় ছিল না। সাড়ে সাত কোটি মানুষ ভারতে চলে গেলে এই বিরানভূমি স্বাভাবিকভাবেই পাকিস্তানিদের পদদলিত হত। যাওয়ার বাস্তব ভিত্তিও ছিল না।”
বিভিন্ন রাজনৈতিক, মানবিক ইস্যুতে নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনুসের ‘আশ্চর্য্য’ নীরবতার কঠোর সমালোচনা করেন তিনি।
একাত্তরের বুদ্ধিজীবীরা বাঙালি সত্তার প্রতি ‘আস্থা’ রেখে নীরবে-নিভৃতে বা সরবে বাঙালি ঐতিহ্যের উত্তরাধিকারকে প্রতিষ্ঠা করে গেছেন বলে মন্তব্য করেন সাংবাদিক শাহীন রেজা নূর।
“তারা শিক্ষার্থীদের কাছে এই সত্য কথনটিকে বারবার জানান দিচ্ছিলেন। এতে করে ছাত্রদের মধ্যে বাঙালি মানস, আত্মপরিচয়ের জায়গাটি পরিস্কার হয়ে উঠছিল, এটি ছিল প্রতিপক্ষের টার্গেট করার মূল কারণ।”
মৌলবাদ, জঙ্গিবাদ আর ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির উত্থানে ভীষণ ক্ষুব্ধ ও হতাশ শহীদ পরিবারগুলো।
“জঙ্গি তৎপরতায় আবার পাকিস্তান ফিরিয়ে আনার চেষ্টা দেখি; আর জামায়াতে ইসলামী নামক সেই ফ্যাসিবাদী সংগঠনটির প্রচণ্ড রকমের আস্ফালন লক্ষ্য করি তখন স্বাভাবিকভাবেই আমরা যারা স্বজন হারিয়েছি তারা বেদনাহত হই”
শাহীন রেজা বলেন, “চেতনার কথা, বিকৃতি, স্বাধীনতা, মূল্যবোধ এগুলো আমরা হরহামেশাই শুনে থাকি বটে। কিন্তু আফসোসের বিষয় আমরা কজন এগুলোর কর্ষণ করি, অন্তরে এগুলো নিয়ে ভাবি? চিন্তা চেতনায় গভীরে এগুলোকে জায়গা দেই? সে জায়গায় যথেষ্ট সন্দেহ আছে।
“সমস্ত কিছুর মধ্যে ধর্মের নামে যখন ধর্ম ব্যবসাকে উৎসাহিত করে, তখন আমাদের প্রমাদ গুণতে হয় বৈকি। বুঝতে হবে, সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অব বাংলাদেশ।”
দেশি-বিদেশি চাপ সামলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই বিচারের মাধ্যমে সরকার ‘সভ্যতার দায় পূরণ’ করছে বলেও ভাষ্য তার।
শহীদ বুদ্ধিজীবীদের জীবনকর্ম নিয়ে গবেষণার জন্য সরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান জানান শাহীন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ তার বক্তব্যে তরুণ প্রজন্মের বিপদগামিতা রুখতে ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান।
তিনি বলেন, “বুদ্ধিজীবীদের আদর্শ, ইতিহাস ও ঐতিহ্যকে তরুণদের সামনে তুলে ধরতে পারলেই আমরা তাদের সঠিক মূল্যায়ন করতে পারব।”
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার শিল্পীরা গেয়ে শোনায় ‘লাখো লাখো শহীদের রক্ত মাখা, ‘মুক্তির মন্দির সোপান তলে, ‘ব্যর্থ প্রাণের আবর্জনা, সেমন্তী মঞ্জরী ও মুস্তাফিজুর রহমান তূর্য গেয়ে শোনান ‘আছে দুঃখ আছে মৃত্যু, ‘ব্ল্যাক আউটের পূর্ণিমায়’ ও ‘অভিশাপ দিচ্ছি।
শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ এবং শহীদ কাদরীর ‘নিষিদ্ধ জার্নাল’ আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
পরে ইশরাত জাহান বিথী গেয়ে শোনায় ‘মরণ সাগর পারে তোমরা অমর’, ঢাকা সাংস্কৃতিক দল সমবেত কণ্ঠে শোনায় ‘দাম দিয়ে কিনেছি বাংলা’, ‘ভেবো নাগো মা’ ও ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’। একক আবৃত্তি করেন ঝর্ণা সরকার, বেলায়েত হোসেন ও আশরাফুল আলম।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজন
‘ঐক্য গড়ো বাংলাদেশ/ সাম্প্রদায়িকতা হবে শেষ’- প্রতিপাদ্যে মঙ্গলবার থেকে শুরু হওয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বিতীয় দিনের আয়োজন ছিল রাজধানীর পাঁচটি মঞ্চে।
রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ মঞ্চে দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা ও কৃষ্টি চর্চা কেন্দ্র। একক সঙ্গীত পরিবেশন করেন সুমন চৌধুরী, আবিদা রহমান সেতু ও শিমুল সাহা। দলীয় আবৃত্তি পরিবেশন করে উদ্ভাষণ ও কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। একক আবৃত্তি পরিবেশন করেন তামান্না তিথি, সৈয়দ শহিদুল ইসলাম নাজু ও শামিমা নাসরিন মিতু।
বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ দনিয়া মঞ্চে দলীয় সঙ্গীত পরিবেশন করে সুরসাগর ললিতকলা একাডেমি, ঢাকা একতা সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী ও লালন পড়শী একাডেমি। প্যান্টোমাইম পরিবেশন করে জেন্টলম্যান। নাট্যদল মঞ্চস্থ করে পথনাটক ‘পতাকা’।
কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে দলীয় সঙ্গীত পরিবেশন করে ভিন্নধারা, ঋষিজ শিল্পীগোষ্ঠী, ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি ও ছায়ানট। একক সঙ্গীত পরিবেশন করেন ফকির আলমগীর, বুলবুল মহলানবীশ, সমর বড়ুয়া ও আব্দুল ওয়াদুদ। দলীয় আবৃত্তি পরিবেশন করে প্রকাশ ও কণ্ঠশীলন। একক আবৃত্তি করেন ফয়জুল আলম পাপ্পু, মজুমদার বিপ্লব, মোখলেসুর রহমান প্রামানিক ও তানভীর হাকিম। দলীয় নৃত্য পরিবেশন করে বেণুকা ললিতকলা কেন্দ্র। পথনাটক মঞ্চস্থ করে নাট্যযোদ্ধা। এছাড়াও কল্পরেখা ও সপ্তকলির আসরের শিশুরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
রবীন্দ্র সরোবর কবি রফিক আজাদ মঞ্চে দলীয় সঙ্গীত পরিবেশন করে সুরধ্বনি ও ক্রান্তি শিল্পীগোষ্ঠী। একক সঙ্গীত পরিবেশন করেন রোকাইয়া হাছিনা, আব্দুল হালিম খান ও সানজিদা মঞ্জুরুল হ্যাপি। দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরব্যঞ্জন, সংবৃতা ও চারুবাক। একক আবৃত্তি পরিবেশন করেন শামসুদ্দোহা, সুপ্রভা সেবতি ও জালাল উদ্দীন হিরা। দলীয় নৃত্য পরিবেশন করে ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র। লোক নাট্যদল (টিএসসি) মঞ্চস্থ করে পথনাটক। নূপুর একাডেমি ও ঋদ্ধস্বরের শিশুরা সাংস্কৃতিক পরিবেশন করেন।
মিরপুরের খোন্দকার নূরুল আলম মঞ্চে পথনাটক মঞ্চত্ব করে প্রভাত ও অবয়ব। দলীয় আবৃত্তি পরিবেশন করে মিথষ্ক্রিয়া আবৃত্তি পরিষদ। দলীয় সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত সরণী সংস্কৃতি চর্চা কেন্দ্র। একক আবৃত্তি পরিবেশন করেন সাফিয়া খন্দকার রেখা। একক সংগীত পরিবেশন করেন শাহ্জামান তোতা, শাহিনুর রহমান, অনুপমা সরকার ও তুষার চন্দন।
জাতীয় জাদুঘর
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় জাদুঘরের কবি সুফয়া কামাল মিলনায়তনে ছিল আলোচনা অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন।
তিনি বলেন, “ইউরোপের রেনেসাঁ আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পর্যালোচনা করলে দেখা যায়, সকল পটপরিবর্তনে বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অপরিসীম। এই জন্য পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি শাসক বাঙালিদের মেধাশূন্য করতে সুপরিকল্পিতভাবে আত্মসমর্পনের আগে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের।”
জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাদুঘরের সচিব শওকত নবী।
গীতাঞ্জলি ললিতকলা একাডেমি
গীতাঞ্জলি ললিতকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার উত্তরার স্কিটি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও নাটক মঞ্চায়ন হয়। এতে আলোচক ছিলেন শিক্ষাবিদ এমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, ইতিহাস গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন এবং নাট্যজন রামেন্দু মজুমদার। আলোচনা শেষে নাট্যদল থিয়েটার অঙ্গণ মঞ্চস্থ করে নাটক ‘মুনীর চৌধুরী।
