বাদপড়াদের নিবন্ধনে ‘বিশেষ সুযোগ’ শেষ হচ্ছে বৃহস্পতিবার
গেল বছর হালনাগাদে বাদপড়া ভোটারদের নিবন্ধনের ‘বিশেষ সুযোগ’ শেষ হচ্ছে বৃহস্পতিবার।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বুধবার জানিয়েছেন, নতুন করে এ সময় আর বাড়ানো হচ্ছে না।
তিনি বলেন, ১৯৯৯ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের ভোটার তালিকাভুক্ত করার এই কাজ শুরু হয় ২৫ নভেম্বর। গত বছর হালনাগাদের সময় ভোটারযোগ্য যারা বাদ পড়েছেন, তাদের জন্যই ছিল এ বিশেষ কর্মসূচি।
“বিশেষ সুযোগের জন্য নির্ধারিত সময়সীমা বৃহস্পতিবার পর্যন্ত। নতুন করে সময় বাড়ানোর সুযোগ নেই,” বলেন এ কর্মকর্তা।
বয়স ১৮ হওয়ার পরও যারা ভোটার হতে পারেননি, তাদের নিবন্ধনের পাশাপাশি ভোটার এলাকা পরিবর্তনেরও সুযোগ রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। সেক্ষেত্রে যোগ্যদের সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে ভোটার হতে হবে।
নির্বাচন কমিশন
ভোটার তালিকা হালনাগাদ শেষে আগামী ২ জানুয়ারি প্রকাশ করা হবে খসড়া তালিকা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি।
