২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যাট অবৈধ ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

ইংরেজি মাধ্যমের স্কুলে টিউশন ফির ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) অবৈধ ঘোষণা করে হাই কোর্টের রায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 07:27 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

চেম্বার বিচারপতি সৈয়দ আহমদ হোসেন বুধবার বিষয়টি শুনানির জন্য ২ জানুয়ারি দিন ঠিক করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন।

এক রিট আবেদনে দেওয়া একবছর আগের রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মো. মজিবুর রহমান মিয়ার হাই কোর্ট বেঞ্চ সোমবার ভ্যাট অবৈধ ঘোষণা করে রায় দেয়।

আগামী জানুয়ারি সেশন থেকে টিউশন ফির ওপর আর ভ‌্যাট আদায় না করতে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।

বাংলাদেশে ইংরেজি মাধ্যমের ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতনের ওপর ২০১২ সালে সাড়ে ৪ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। চলতি বছরের বাজেটে তা বাড়িয়ে করা হয় সাড়ে ৭ শতাংশ, সেই সঙ্গে এর আওতায় আনা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে।

এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনে নামলে তাদের ক্ষেত্রে ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিল করা হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করে সফল হওয়ার পর ভ্যাট বাতিলের দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে মানববন্ধন করেন ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর শিক্ষার্থীদের অভিভাবকরা।

এরপর সানিডেল ও সান বিম স্কুলের দুই শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনে গত বছর ১৭ সেপ্টেম্বর বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ ভ্যাট স্থগিতের আদেশ দেয়।

ভ্যাট আরোপের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সে সময় রুলটি দিয়েছিল হাই কোর্ট।

পুরনো খবর:

ইংরেজি মাধ্যমের স্কুলে ভ্যাট অবৈধ: হাই কোর্ট