২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতির ফ্রেমে ১৩ শহীদ সাংবাদিক

একাত্তরে বিজয়ের উষালগ্নে ধরে নেওয়ার পর থেকে নিখোঁজ যারা, যাদের বীভৎস লাশ পাওয়া গিয়েছিল বধ্যভূমিতে, কাউকে মারা হয়েছিল পুড়িয়ে- এমন ১৩ জন শহীদ সাংবাদিক ফিরে এসেছেন স্মৃতির ফ্রেমে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 05:17 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের একটি কক্ষে লাল-সবুজ জমিনে মার্বেল পাথরে শিল্পীর সাদা-কালো আঁচড়ে ফ্রেমবন্দী হয়েছেন দেশের মেধাবী এই সন্তানরা।

বুধবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মুক্তিযুদ্ধে ‘শহীদ সাংবাদিক স্মৃতিফলক’ উন্মোচন করেন, যাকে দেশের প্রথম বুদ্ধিজীবী কেন্দ্র বলছে পিআইবি।

শহীদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সিরাজুদ্দিন হোসেন, সৈয়দ নাজমুল হক, শহীদ সাবের, এস এম মান্নান (লাড়ু ভাই), খোন্দকার আবু তালেব, মুহম্মদ আখতার, আবুল বাশার, নিজমুদ্দীন আহমদ, আ ন ম গোলাম মোস্তফা, সেলিনা পারভীন, চিশতী শাহ্ রহমান এবং শিবসাধন চক্রবর্তীকে ফ্রেমবন্দী করে তাদের সংক্ষিপ্ত পরিচিতিও তুলে ধরা হয়েছে।

পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে, যাদের মধ্যে এই ১৩ জন সাংবাদিকও ছিলেন।

স্মৃতিফলক উন্মোচন করে তথ্যমন্ত্রী বলেন, “মুক্তিযু্দ্ধে শহীদ সাংবাদিক স্মৃতিফলক উন্মোচনের মধ্য দিয়ে ইতিহাসকে ধারণ করছি, সম্মান করছি। এই উদ্যোগের জন্য পিআইবিকে অভিনন্দন ও ধন্যবাদ।

“পাকিস্তান বঙ্গবন্ধুকে হত্যা করতে চেয়েছিল; গণহত্যা করেছে, নারীদের অপমান করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করেছে।”

শহীদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার বলেন, “স্বাধীনতাবিরোধীদের যে বিচার হবে একদিন তা রূপকথার মত ছিল। শহীদের সন্তান হিসেবে ভাবিনি যে সালাউদ্দিন কাদের চৌধুরী, কাদের মোল্লার বিচার হবে।”

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শহীদুল্লাহ কায়সার

১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী জেলার ফেনী মহকুমার মজুপুর গ্রামে জন্ম। ১৯৫৬ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন শহীদুল্লাহ কায়সার। ১৯৫৮ সালে দৈনিক সংবাদে সহকারী সম্পাদক হিসেবে দিয়ে এই পত্রিকার যুগ্ম-সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।

পাকিস্তানি ও আলবদর বাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তাকে বাসা থেকে তাকে ধরে নিয়ে যায়, এরপর আর খোঁজ মেলেনি।

সিরাজুদ্দীন হোসেন

১৯২৯ সালের ১ মার্চ মাগুরা জেলার শালিখা থানার শরুগুনা গ্রামে জন্ম নেওয়া সিরাজুদ্দিন ১৯৪৭ সালে ছাত্রাবস্থায় দৈনিক আজাদে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭১ সালে দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন।

১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকিস্তানি ও আলবদর বাহিনী তাকে শান্তিনগরের চামেলীবাগের ভাড়া বাড়ি থেকে ধরে নিয়ে গেলে আর খোঁজ পাওয়া যায়নি।

সৈয়দ নাজমুল হক

পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের প্রধান প্রতিবেদক, কলম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিস এবং হংকং-এর এশিয়া নিউজ এজেন্সির ঢাকা সংবাদদাতা এবং ঢাকা টাইসের সিটি এডিটরের দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালের ডিসেম্বরে বিজয়ের ছয়দিন আগে আলবদর বাহিনী তাকে তুলে নিয়ে যায়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সৈয়দ নাজমুল হকের জন্ম ১৯৪১ সালের ৫ জুলাই খুলনার কান্দাপাড়া গ্রামে।

শহীদ সাবের

পুরো নাম এ কে এম শহীদুল্লাহ, জন্ম ১৯৩০ সালের ১৮ ডিসেম্বর কক্সবাজারের ঈদগাঁ গ্রামে। ১৯৪০ সালে ছন্দশিলা নামে একটি পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে সাংবাদিকতার শুরু।

১৯৬৬ সালে দৈনিক সংবাদে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৭১ সালের ৩১ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী দৈনিক সংবাদ অফিস আগুন দিলে পুড়ে মারা যান তিনি।

এস এ মান্নান

শেখ আব্দুল মান্নানের ডাকনাম ছিল লাড়ু। ১৯২৮ সালে কলকতায় জন্মগ্রহণ করেন। সেখানকার দৈনিক আজাদের সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করে ১৯৪৭ সালে দেশ বিভাগের পর দৈনিক আজদের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান। পরে পাকিস্তান অবজারভারে ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন। খেলার খবর নামে একটি ক্রীড়া সাম্পাহিক প্রকাশ করেছিলেন মান্নান।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় রাজাকার বাহিনী তাকে ঢাকার পল্টনের বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।

খোন্দকার আবু তালেব

১৯২১ সালের ২৩ মার্চ সাতক্ষীরা সদর থানার সাতানি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক আজাদে সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু। দৈনিক সংবাদে কাজ করা এই সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রধান প্রতিবেদকও ছিলেন। এছাড়া দৈনিক আওয়াজ, দৈনিক পয়গাম, দৈনিক ইনসাফ, পাকিস্তান অবজারভার, মর্নিং নিউজ ও দৈনিক ইত্তেহাদে কাজ করেন। রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান করেও খ্যাতি অর্জন করেন আবু তালেব।

১৯৭১ সালের ২৯ মার্চ ঢাকার মিরপুরে নিজের বাসার কাছেই পাকিস্তানী বাহিনীর হাতে নিহত হন তিনি।

মুহম্মদ আখতার

১৯৩৯ সালের ১ অগাস্ট টাঙ্গাইলের ধনবাড়ী থানার কিসামত গ্রামে জন্ম। দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা শুরু করে রেডিও পাকিস্তানের পাক্ষিক ‘এলান’ এ যোগ দেন। পাক্ষিক ‘ললনা’ ও মাসিক ‘সমীপেষু’-তে কাজ করেন।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী তাকে পুরানা পল্টনের বাসা থেকে তুলে নিয়ে যায়। ১৮ ডিসেম্বর বায়েরবাজার বধ্যভূমিতে তার বিকৃত মৃতদেহ পাওয়া যায়।

আবুল বাশার

১৯৬৮ সালে মর্নিং নিউজে সাংবাদিকতা শুরু। সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গেরিলা যোদ্ধা হিসেবেও ঢাকায় অনেকগুলো অপারেশনে অংশ নেন টাঙ্গাইলে জন্ম নেওয়া আবুল বাশার।

১৯৭১ সালের অক্টোবরে ঢাকার মগবাজারের একটি বাসা থেকে পাকিস্তানি বাহিনী তাকে আহত অবস্থায় ধরে নিয়ে যায়। এরপর আর তার খোঁজ মেলেনি।

নিজামুদ্দীন আহমদ

১৯২৯ সালে মুন্সিগঞ্জের লৌহজং থানার মাওয়া গ্রামে জন্ম নেওয়া নিজামুদ্দীন ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় সিভিল অ্যান্ড মিলিটারি গেজেট পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। দৈনিক মিল্লাত, দৈনিক আজাদ, ঢাকা টাইমস, পাকিস্তান অবজারভার ছাড়াও বার্তা সংস্থা এপিপি, ইউপিআই, পিপিআই, রয়টার, এএফপি ও বিবিসিতে কাজ করেন তিনি।

১৯৭১ সালের ১২ ডিসেম্বর পুরান ঢাকার ১২ নম্বর রোকনপুরের বাসা থেকে পাকিস্তানি ও আলবদর বাহিনী তাকে তুলে নিয়ে যায়।

আ ন ম গোলাম মোস্তফা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৬৩ সালে দৈনিক সংবাদে সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু। ১৯৬৬ সালে দৈনিক আজাদে সাহিত্য সম্পাদক পদে যোগ দেন। একই সঙ্গে তিনি মাসিক মোহাম্মদীও সম্পাদনা করেন। ১৯৬৯ সালে তিনি দৈনিক পূর্বদেশ পত্রিকার জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে কাজ শুরু করেন এবং একই পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব নেন।

১৯৪১ সালের ১১ ডিসেম্বর নিলফামারীর পঙ্গা গ্রামে জন্মগ্রহণকারী মোস্তফাকে ১৯৭১ সালের ১১ ডিসেম্বর আলবদর বাহিনী ঢাকার গোপীবাগের বাসা থেকে তুলে নিয়ে যায়।

সেলিনা পারভীন

১৯৩১ সালের ৩১ মার্চ নোয়াখালীর ছোট কল্যাণপূর গ্রামে জন্মনেওয়া সেলিনা পারভীন ‘ললনা’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে নিজের সম্পাদনায় সাহিত্য পত্রিকা ‘শিলালিপি’ প্রকাশ করেন।

১৯৭১ সালের ১৩ ডিসেম্বর আলবদর বাহিনী তাকে ঢাকার ১১৫ সার্কুলার রোডের বাসা থেকে তুলে নিয়ে যায়। ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমিতে তার মৃতদেহ পাওয়া যায়।

চিশতী শাহ হেলালুর রহমান

১৯৭১ সালে দৈনিক আজাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন ১৯৪৯ সালে বগুড়া শহরের রহমান গ্রামে জন্ম নেওয়া হেলালুর।

১৯৭১ সালের ২৫ মার্চের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে মারা যান তিনি।

শিবসাধন চক্রবর্তী

এই শহীদ সাংবাদিকের জন ১৯৪৬ সালের ২৫ মার্চ নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার বিরাহীপুর গ্রামে। ১৯৬৯ সালে পাকিস্তান অবজারভার পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে যোগ দেন তিনি।

১৯৭১ সালের ২৭ মার্চ গভীর রাতে রমনার কালীমন্দির এলাকায় ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনী নারকীয় হত্যাকাণ্ড চালালে নৃশংসতায় মারা যান তিনি।