‘তোমরা চিরদিন দিশারি রবে’
একাত্তরে বাংলাদেশের বিজয়ের ঊষালগ্নে এ দেশের মেধাবী সন্তানদের হত্যার দায়ে বদর বাহিনীর সর্বোচ্চ নেতার ফাঁসি কার্যকরের পর প্রথম বুদ্ধিজীবী দিবস পালন করল বাংলাদেশ।
পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি বাহিনী ওই নিধনযজ্ঞ চালায়; তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর যেন বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে- তা নিশ্চিত করা।
অপূরণীয় সেই ক্ষতির পর ৪৫ বছরে অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়েও সামনের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এ দেশের মানুষ হৃদয়ে ধারণ করে সেই গান- ‘নতুন স্বদেশ গড়ার পথে, তোমরা চিরদিন দিশারি রবে।’
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দুদিন আগে বুদ্ধিজীবী হত্যায় প্রত্যক্ষ সহযোগিতা করে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যরা।
শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্নসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে।
বুধবার সকালে সেই বধ্যভূমি স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়েই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় জাতি।
সেই ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত যে চার যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার রায় হয়েছে, তাদের মধ্যে একাত্তরের বদর কমান্ডার আলী আহসান মো. মুজহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে গত বছরের ২২ নভেম্বর।
অন্যদিকে কুখ্যাত আল-বদর বাহিনীর সর্বোচ্চ নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি হয় গত ১১ মে প্রথম প্রহরে।
একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ক্যাম্প বসিয়ে স্বাধীনতাবিরোধী রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিত।
জামায়াতের তখনকার ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি নিজামী ও সেক্রেটারি জেনারেল মুজাহিদ নিয়মিত ওই ক্যাম্পে যাতায়াত করতেন বলে আদালতের বিচারে উঠে আসে।
দুইজনের রায়েই বলা হয়, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে এই দুই জামায়াত নেতার ষড়যন্ত্রের পথ ধরেই ১০ ডিসেম্বর থেকে বাংলাদেশে বুদ্ধিজীবী নিধনসহ গণহত্যার মতো ঘটনা ঘটে।
একাত্তরে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীলনকশা বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া দুই বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে ২০১৩ সালে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল।
পলাতক এই দুই বদর নেতা বিচারের মুখোমুখিও দাঁড়াননি। আত্মসমর্পণ না করায় তারা আপিলের সুযোগ হারালেও এখন পর্যন্ত তাদেরকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা যায়নি।
জামায়াতে ইসলামী তখনকার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘের এই দুই কেন্দ্রীয় নেতা মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় জন শিক্ষক, ছয় জন সাংবাদিক ও তিনজন চিকিৎসকসহ ১৮ বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যা করেন বলে রায়ে উঠে আসে।
একাত্তরের সেই বর্বরতার বিচার না পাওয়ার গ্লানি থেকে মুক্তির জন্য বাঙালিকে অপেক্ষা করতে হয়েছে ৪৪ বছর।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, জাতির বিবেক বুদ্ধিজীবীরা তাদের ক্ষুরধার লেখনির মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি, যুদ্ধকালীন মুজিবনগর সরকারকে পরামর্শ প্রদানসহ বুদ্ধিবৃত্তিক চেতনা দিয়ে মহান মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে বিপুল অবদান রাখেন।
“কিন্তু জাতির দুর্ভাগ্য, বিজয়ের প্রাক্কালে হানাদার বাহিনী পরিকল্পিতভাবে এদেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। জাতির জন্য এ-এক অপূরণীয় ক্ষতি।”
রাষ্ট্রপতি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ গড়তে পারলেই তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দেওয়া বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে জামায়াত ও অন্য স্বাধীনতাবিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পরাজয়ের প্রতিশোধ নেয়। বাংলাদেশ যাতে কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটাই ছিল হত্যাযজ্ঞের মূল লক্ষ্য।
“স্বাধীনতাবিরোধী এই অপশক্তির ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। মুক্তিযুদ্ধের এই পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। মুক্তমনা শিক্ষক, লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদদের ওপর অত্যাচার-নির্যাতন চালায়। সাম্প্রদায়িকতাকে উসকে দিয়ে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের জন্ম দেয়।
প্রধানমন্ত্রী বলেন, ওই ‘সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী’ ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশব্যাপী ত্রাসের রাজত্ব চালায়; সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়।
“জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ২০০৯ সালে সরকার গঠনের পর আমরা বুদ্ধিজীবী হত্যাকারীসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনি। ইতোমধ্যে অধিকাংশ শীর্ষ যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা হয়েছে।”
বাকি সকল রায়ও কার্যকর করার প্রত্যয় জানানো হয়েছে সরকারপ্রধানের বাণীতে।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করতে চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে এ দিনে হানাদার বাহিনীর দোসররা দেশের বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল।
“তারা মনে করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়বে এবং উন্নয়ন অগ্রগতি রুদ্ধ করে দেওয়া যাবে। কিন্তু তাদের সে লক্ষ্য ব্যর্থ হয়েছে।”
বুদ্ধিজীবী দিবসে অন্য প্রায় সব দল সরাসরি জামায়াতের নাম উল্লেখ করে ঘৃণা প্রকাশ করলেও এ প্রসঙ্গে বরাবরই জোটসঙ্গী দলটির নাম এড়িয়ে গেছে বিএনপি।
বাণীতে খালেদা জিয়া বলেন, বুদ্ধিজীবীরা ন্যায়-বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক সমাজের প্রত্যাশা করেছিলেন। কিন্তু ‘দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা’ আন্তর্জাতিক অপশক্তি তাদের সে প্রত্যাশা বাস্তবায়িত হতে দেয়নি।
“স্বাধীনতার পর থেকেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে দেশের মানুষের সার্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক অমানবিক কায়দায় দমন করে, আর এ কারণেই সীমাহীন রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ত্ব দিনে দিনে দুর্বল করা হচ্ছে এবং রাষ্ট্রীয় গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হচ্ছে।”
বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
প্রতিবারের মতো এবারও নানা কর্মসূচিতে বুদ্ধিজীবী দিবস পালন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
পরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রায়ের বাজার বধ্যভূমির পাশাপাশি ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দেওয়া হয়।
বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সকালে সূর্যোদয়ের সময় কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে দিনের কর্মসূচি শুরু করে আওয়ামী লীগ।
সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পক্ষ থেকেও রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বুদ্ধিজীবী দিবসে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রায়ের বাজার বধ্যভূমিসহ বুদ্ধিজীবীদের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান ভরে ওঠে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালে প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর অপরাজেয় বাংলায় সমবেত হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকার স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হয়; শ্রদ্ধা নিবেদন করা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সকাল ১১টায় ছাত্র শিক্ষক মিলনায়তনে হবে আলোচনা সভা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘স্লোগান ৭১’ এর সমন্বয়ে টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বুদ্ধিজীবী দিবস থেকে শুরু হয়েছে তিন দিনের কর্মসূচি ‘রক্তে রাঙা বিজয় আমার-২০১৬’।
মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী হত্যাকারীদের বিচারের দাবিতে টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সকাল ১১টায় স্মৃতি চিরন্তনে হয় মানববন্ধন কর্মসূচি।
এছাড়া দুপুর ১২টায় টিএসসিতে পতাকা তৈরির কর্মসূচি ‘আমার ভালোবাসার পতাকা’ এবং বিকাল ২টায় ‘রাজাকারের ব্যাঙ্গচিত্রে ডার্ট নিক্ষেপ’ কর্মসূচি পালন করে ‘স্লোগান ৭১’।
‘ঐক্য গড় বাংলাদেশ/সাম্প্রদায়িকার হবে শেষ’ স্লোগানে সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বুদ্ধিজীবী দিবসের বিকালে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে এক অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালামের মেয়ে সালমা নার্গিস ও শহীদ প্যারী মোহন আদিত্যর ছেলে নট কিশোর আদিত্য বক্তব্য দেন।
জাদুঘর প্রাঙ্গণে বিকাল ৪টায় ওই আয়োজনে আবৃত্তি পরিবেশন করে স্রোত আবৃত্তি সংসদ, সংগীত পরিবেশন করবে বধ্যভূমির সন্তানদল ও ছায়ানট।
মিরপুরের জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠে একই সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সংগীতাঙ্গন মনিপুর, ওয়াইডব্লিউসিএ স্কুল, ঝিনুক শিশু-কিশোর সংগঠন, কালের উচ্চারণ, মূর্ছনা সংগীত একাডেমি, ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি, বুলবুল ললিতকলা একাডেমি, গমক সংগীত একাডেমি ও ঘুঙ্ঘুর সাংস্কৃতিক একাডেমি।
