২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারুকলায় হৃদি আর্দ্রার কারুশিল্প প্রদর্শনী ‘কারুনন্দন’

ফেলে দেওয়া টুকরো কাপড়ও যে ক্যানভাসে শৈল্পিক নান্দনিকতা পেতে পারে, তা ভাবতে পারেননি চিকিৎসক ঈশিতা ফারহানা। নিরীক্ষাধর্মী শিল্পকর্মগুলোতে নারী, লোকজ সংস্কৃতি আর শৈশবকে নানা আঙ্গিকে খুঁজে পেয়ে ভীষণ মুগ্ধ তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 11:32 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

ট্র্যাপেস্ট্রি মাধ্যমের এসব নিরীক্ষাধর্মী ছবির দেখা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির ‘কারুনন্দন’ শীর্ষক এক প্রদর্শনীতে। প্রদর্শনীর সবগুলো শিল্পকর্মই শিল্পী হৃদি আর্দ্রা আহমেদের।

চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগ এমএফএ সম্পন্ন করা এই শিক্ষার্থীর এটিই প্রথম একক প্রদর্শনী।

মঙ্গলবার বিকাল ৪টায় ‘কারুনন্দন’ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ। এসেছিলেন চারুকলার ডিন অধ্যাপক নিসার হোসেন, চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহাম্মদ মোল্লা।

চার দিনব্যাপী এ প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে মেটাল, বাটিক, ট্র্যাপেস্ট্রি, স্ক্রিন প্রিন্টসহ মোট ৩২টি শিল্পকর্ম, যার ২০টি ট্র্যাপেস্ট্রি।

শিল্পী হৃদি আর্দ্রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাস্টার্স শেষ হওয়ার পরই আমার পরিকল্পনা ছিল নিরীক্ষাধর্মী কিছু কাজ করব। ফেলে দেওয়া কাপড় আর সোয়েটার-এ নিয়ে ভাবতে শুরু করলাম। আর ট্র্যাপেস্ট্রি ফর্ম নিয়ে খুব একটা কাজ হয় না। একে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিলাম!”

ট্র্যাপেস্ট্রি মাধ্যমে হৃদির সিরিজ ছবি ‘মুখোশ বিন্যাস’। চলতি জীবনের নানা চরিত্রের পাশাপাশি শিশুতোষ চরিত্রগুলো এসব ক্যানভাসে। কোনো চরিত্র দাঁত কেলিয়ে হাসছে, তো কোনো চরিত্রের ভীষণ মন খারাপ।

‘অসুখী বসন্ত’, ‘জালে বন্দি জেলেনি’, ‘আশ্রয়’, ‘বোবা মাছ’, ‘ধনেশ’-শিরোনামের শিল্পকর্মগুলোতে হৃদি ফুটিয়ে তুলেছেন গ্রামবাংলার জীবনচরিত। কখনও হয়ে উঠেছেন প্রকৃতি-আশ্রয়ী; ‘ফুল’, ‘পাতার নাচন’, ছবিগুলো যেন তারই প্রমাণ।

নারীর জীবনের দ্বান্দ্বিকতা, প্রতিকূলতা আর লড়াইয়ের গল্পগুলো ফুটে উঠেছে শিল্পীর সিল্ক স্ক্রিন প্রিন্টের শিল্পকর্মগুলোতে।  বিধিনিষেধের বেড়াজালে বন্দি ‘পরিবৃতা’র পাশেই ঠাঁই পেয়েছে ‘বহুমাত্রিকতা’, যেখানে নারী জীবন চিত্রিত হয়েছে সাফল্যের দ্যুতিতে।

দর্শক গোলাম মোহাম্মদ জানালেন, স্ত্রিন প্রিন্টে করা ‘পাতার বিন্যাস’ শিল্পকর্মটি তার ভালো লেগেছে।

“একটু একটু করে এসব কাজ করতে হয়, দরকার ভীষণ যত্নের। তারও আগে চাই পর্যবেক্ষণ শক্তির। প্রশংসা করতে হয় হৃদির।”

এর খানিক দূরে নারীর ভাবনা বিমূর্ত হয়েছে বাটিক ফরম্যাটে।

এর পাশাপাশি বাংলার পশুগুলোকে হৃদি উপস্থাপন করেছেন মেটাল ফরম্যাটে। পশুর শিল্পকর্মগুলো ভীষণভাবে টেনেছে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী সাবা মেহজাবীনকে।

সাবা বললেন, “মেটালের এই কাজগুলো ভীষণ আর্টিস্টিক মনে হচ্ছে। কি নিখুঁত!”

চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ছাত্রী মেহনাজ তাবাসসুম বলেন, “চারুকলায় এমন নিরীক্ষাধর্মী কাজ খুব যে বেশি আসে তা না। শিল্পীর সবগুলো কাজই নিরীক্ষাধর্মী। ট্র্যাপেস্ট্রি নিয়ে নতুন করে জানলাম এখানে এসে। কোর্সের ক্লাসে দারুণ কাজে দেবে।”

এই প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি খোলা থাকবে জয়নুল গ্যালারির দরজা।