২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে এবারও বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় আয়োজন

গত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের শীর্ষ কর্মকর্তাদের আন্তঃদেশীয় আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 08:37 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

আগামী ১৬ ডিসেম্বর ৪৫তম বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় যোদ্ধা দলের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা দলের একটি প্রতিনিধি দল ভারত সফরে গিয়ে বিজয় দিবস উদযাপনে অংশ নেবে।

ঢাকায় ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় দিবস উদযাপনের জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাসহ শীর্ষস্থানীয় একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে পাঁচদিনের সফরে ভারতে গিয়ে সেখানকার মিত্র বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে যৌথভাবে বিজয় দিবসের আয়োজনে অংশ নেবেন।

একইভাবে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধাদলের দলনেতা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জি এস সিহোতার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবেন।

এতে বলা হয়, বাংলাদেশের ৩০ মুক্তিযোদ্ধা ও ছয় সামরিক কর্মকর্তা, তাদের স্ত্রী ও সহযোগীদের একটি প্রতিনিধিদল ১৪ ডিসেম্বর কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে এই মুক্তিযোদ্ধা প্রতিনিধিদলে তিনজন সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারক, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কূটনৈতিক, ঊর্ধ্বতন আমলা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা থাকবে।

প্রতিনিধি দলটি ভারতের ফোর্ট উইলিয়ামসে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে একাত্তরে বাংলাদেশের মুক্তিসংগ্রামে অভিজ্ঞ ভারতীয় যোদ্ধাদের সঙ্গে ভাব বিনিময় করবে। তারা শান্তি নিকেতন সফর শেষে ১৮ ডিসেম্বর ঢাকার পথে রওনা হবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

পাশাপাশি বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ২৮ ভারতীয় যোদ্ধা এবং ৪ সামরিক কর্মকর্তা, তাদের স্ত্রী ও সহযোগীদের নিয়ে ভারতীয় প্রতিনিধি দলটি পাঁচদিনের সফরে ঢাকায় আসবেন বলে জানায় ইন্দিরাগান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।

তারা ঢাকায় বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর সার্ভিস প্রধানগণ এবং প্রধান স্টাফ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, ওয়ার কোর্স ফাউন্ডেশন ও ঢাকা ক্লাব আয়োজিত আলাদা অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ১৯৬৫ সাল ও ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জি এস সিহোতা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা যুদ্ধকালে এই জেনারেল তখন উড্ডয়নরত সেনা হেলিকপ্টারগুলির ক্যাপ্টেন ছিলেন, আকাশযুদ্ধে সমরাস্ত্র চালনা ও ঊর্ধ্বতন কমান্ডারদের পরিচালনার মাধ্যমে অনেক মিশনে নেতৃত্ব দিয়েছিলেন তারা।

লেফটেন্যান্ট জেনারেল সিহোতা সিলেটে হেলিবোর্ন অপারেশনেও প্রধান ভূমিকা পালন করেন। তার হেলিকপ্টার শত্রুপক্ষের আক্রমণের শিকার হওয়ার পরও তিনি যুদ্ধ চালিয়ে যান এবং নিরাপদে সফলভাবে মাটিতে অবতরণ করেন।

তুমুল সাহসের সাথে এসব যুদ্ধ পরিচালনায় অদম্য ভূমিকা রাখার জন্য ভারত সরকার তাকে বীরচক্র সাহসিকতা পুরস্কারে ভূষিত করে।

প্রতিনিধি দলে থাকবেন এয়ার কমোডর চন্দ্র মোহন সিংলা। একাত্তরে ভারতীয় বিমানবাহিনীর তরুণ এই ফ্লাইট লেফটেন্যান্ট মুক্তিযুদ্ধ চলাকালে একইভাবে আকাশপথে যুদ্ধ করেন।

সাহসী ভূমিকার জন্য বীরচক্র উপাধি পাওয়া চন্দ্র মোহন তার যুদ্ধসঙ্গী বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম, স্কোয়াড্রন লিডার বদরুল আলম এবং ক্যাপ্টেন শাহাবুদ্দিন-এর সঙ্গে যুদ্ধকালীন স্মৃতিচারণের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধকালে তারা একত্রে শত্রুবাহিনীর লক্ষ্যভেদে অসংখ্যবার লড়াই চালিয়ে গেছেন। এই অসম সাহসী বাংলাদেশি পাইলটরাও বীর উত্তম খেতাব পেয়েছেন।

ভারতীয় সামরিক বাহিনীর বাকি চার কর্মকর্তার মধ্যে কমোডর বিজয় কপিল এবং লেফটেন্যান্ট সুরেশ কুমার মিত্তাল একইভাবে ঢাকায় বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমোডর এডব্লিউ চৌধুরীর সঙ্গে ভাব বিনিময়ের সুযোগ পাবেন।

দুই দেশের এই নৌ কর্মকর্তারা একাত্তরে পাকিস্তানি জাহাজগুলোর বিরুদ্ধে সমুদ্রপথে আক্রমণ পরিচালনার জন্য বাংলাদেশ নৌ কমান্ডার দলকে প্রশিক্ষণ দিয়েছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধাদের মধ্যে পারস্পরিক এই সফর বিনিময় ২০০৫ সালে শুরু হয় এবং এ পর্যন্ত ২৮০ জনেরও বেশি মুক্তিযোদ্ধা ও ১২৫ জন ভারতীয় যোদ্ধা কোলকাতা এবং ঢাকায় উৎসবে অংশ নিয়েছেন।