ইইউয়ের 'স্কিলস ২১' প্রকল্পের উদ্বোধন
শ্রমখাতের দক্ষতা উন্নয়নে সরকারের সক্ষমতা বাড়াতে বাংলাদেশে নতুন একটি দক্ষতা উন্নয়ন প্রকল্প চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধনীতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন ও ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন উপস্থিত ছিলেন।
উদ্বোধনীতে পিয়েরে মায়াদোন বলেন, "আমাদের উদ্দেশ্য বা দৃঢ় আশা এই যে, বাংলাদেশের শ্রমশক্তিকে যেন আর সস্তা শ্রম হিসেবে দেখা না হয়; প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক হলে সেটি ন্যায্য নয় বলেই আমরা বিশ্বাস করি।"
গত বছরের ডিসেম্বরে ইইউয়ের 'কারিগরী ও কর্মমুখী শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) প্রকল্প' শেষ হওয়ার পর বাংলাদেশের শ্রমখাতের আধুনিকায়ন চালিয়ে যেতে নতুন এই প্রকল্পে জাতিসংঘের শ্রম সংস্থা আইএলও কেও সঙ্গে নিয়েছে ইইউ।
উদ্বোধন করা চার বছর মেয়াদী 'স্কিলস ২১' প্রকল্পের মূল কাজ শুরু হবে জানুয়ারি থেকে।
ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন বলছেন, প্রকল্পটি সরকারকে নিজেদের একটি 'কার্যকর ও দক্ষ' কর্মমুখী প্রশিক্ষণ মডেলের রূপরেখা তৈরিতে সাহায্য করবে।
