২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা উত্তরে আরও ৫০০ সিসি ক্যামেরা বসাতে চুক্তি

রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আরও ৫০০ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 10:16 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

এজন্য সোমবার রাজধানীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উদ্যোগে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে গঠিত ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কমিটির (এলওসিসি) উপদেষ্টা এ কে এম রহমতুল্লাহ, তাইওয়ানের কোম্পানি মেরিট লিলিন ইএনটির প্রতিনিধি পেমা লিন ও এএ টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক বিএম রাজিব স্মারকে সই করেন।

অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, এদেশে বসবাসকারী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

“ইতোমধ্যে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ডিএনসিসির বেশ কিছু এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরা স্থাপনের ফলে এসব এলাকায় অপরাধ অনেক কমে গেছে।নতুনভাবে আরও ৫০০ সিসি ক্যামেরা বসানো হলো তা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে আরও সক্ষমতা এনে দেবে।”

কূটনৈতিক এলাকার পাশাপাশি ঢাকা উত্তরের পুরো এলাকায় ২০১৭ সালের মধ্যে ৫ হাজার সিসি ক্যামেরা বসানো হবে বলে জানান তিনি।

গুলশানে ঢাকা উত্তর নগর ভবনে অনুষ্ঠানে ডিএমপির গুলশান বিভাগের এডিসি আব্দুল আহাদ, মেরিট লিলিন ইএনটি কোম্পানি লিমিটেডের প্রতিনিধি ক্রিস সু ও গুলশান বিভাগের এসি মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ঢাকা উত্তরে বসছে আরও ৫,০০০ সিসি ক্যামেরা