‘যুদ্ধাপরাধের বিচারে রাজনৈতিক সমর্থন প্রয়োজন’
গত শতকের সত্তর-আশির দশকে আর্জেন্টিনার তৎকালীন জান্তা সরকারের মানবতাবিরোধী অপরাধের বিচারে বিভিন্ন স্থান থেকে প্রবল বিরোধিতা এসেছিল জানিয়ে দেশটির একজন গণহত্যা বিশেষজ্ঞ বলেছেন, এ ধরনের বিচারের জন্য রাজনৈতিক সমর্থন প্রয়োজন।
ঘটনার ভয়াবহতা সবার কাছে স্পষ্ট থাকলেও দেশটির ভেতর-বাইরে থেকে প্রবল বিরোধিতার মুখে পরিস্থিতির চাপে এমনকি একসময় সেনাবাহিনীর হাতে নির্যাতিত গণতান্ত্রিক সরকারের নেতারাও বিচার থেকে সরে এসেছিল বলে জানান তিনি।
১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত সময়ে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় সামরিক বাহিনী জোর করে ক্ষমতা দখলে রাখে। ক্ষমতা ধরে রাখতে ব্যাপক দমন নির্যাতন ও বিরোধী পক্ষের বিরুদ্ধে নিধনযজ্ঞ চালায় সেনা কর্মকর্তারা। আর্জেন্টিনায় এটি ‘ডার্ক ওয়ার’ নামে পরিচিত।
জান্তা বাহিনী অপহরণ, নির্যাতন, হত্যা, বিমান থেকে সাগরে ফেলে দেওয়াসহ বিভিন্ন ধরনের অপরাধ করে জান্তারা।
১৯৮৩ সালে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা গেলে অপরাধীদের বিচার শুরু হলেও তিন বছরের মাথায় তা থেমে যায়। ২০০৩ সালে নতুন করে শুরু হওয়া বিচার প্রক্রিয়ায় কয়েকশ অপরাধীর শাস্তি হয়।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিস আয়োজিত অনুষ্ঠানে নিজ দেশের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য রাখেন আর্জেন্টিনার মানবাধিকার কর্মী ও গণহত্যা বিশেষজ্ঞ ইরিনা ভিক্টোরিয়া ম্যাশিমিনো।
দেশটিতে দীর্ঘ দুই দশক ধরে থেমে থাকা মানবতাবিরোধী অপরাধের বিচার পুনরায় শুরু করতে গঠিত নাগরিক সমাজের অন্যতম সদস্য এই আইনের শিক্ষক।
১৯৮৩ সালে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর পরই অপরাধীদের বিচার শুরু হয়। ছয় বছরের মাথায় জাতীয় ঐক্য ও অতীতের ক্ষত ভুলার কথা বলে বিচার বন্ধ করে দেয় ক্ষমতাসীন সরকার।
দীর্ঘ বিরতির পর ২০০৩ সালে আবার দেশীয় প্রথাগত আদালত ও বিশেষ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়।
এ প্রসঙ্গে ইরিনা বলেন, “আমাদের অভিজ্ঞতা হচ্ছে, এ ধরনের বিচারের জন্য রাজনৈতিক সমর্থন দরকার আছে। কেবল প্রচলিত নিয়মে আদালতে এরকম শক্তিশালী ও বৃহৎ শক্তির বিচার করতে গেলে তা বাধাগ্রস্ত হয়, হয়েছে।
“আর্জেন্টিনায় নির্যাতিতদের ন্যায় বিচার পাওয়ার প্রচেষ্টা খুব সরলভাবে এগোইনি। সেখানে অনেক বাধা এসেছিল। দেশের প্রচলিত আইন এবং হত্যা, খুন, নির্যাতনের ধরনের মধ্যে পার্থক্য থাকায় বিচার করাটাও একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।”
সামরিক সরকারের আন্তর্জাতিক সহযোগী দেশগুলোও বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বললেও কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি।
“দেশের প্রভাবশালী মহলের ভেতর থেকে যেমন চাপ এসেছে, তেমনি আন্তর্জাতিক মহল থেকেও বিচারের বিরোধিতা করা হয়েছে। বিশেষ করে যেসব দেশ সেই সময় সামরিক সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে নিজের স্বার্থ উদ্ধার করেছে, তারা এর বিরোধিতা করেছে।”
আর্জেন্টিার প্রচলিত বিচার ব্যবস্থায় এ ধরনের বিশেষ অপরাধের বিচার কঠিন হওয়ায় এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল বলেও মনে করেন ইরিনা।
“আর্জেন্টিনা ফেডারেল সরকার দিয়ে পরিচালিত হয়। কয়েকটি রাজ্যে বিভক্ত দেশটিতে সংশ্লিষ্ট রাজ্যে সংগঠিত অপরাধ সেই রাজ্যের আদালতে স্থানীয় আইনে বিচার হয়, তবে কিছু অপরাধ আছে যেগুলোর বিচার হয় ফেডারেল আদালতে।
“বিচার ব্যবস্থার এমন জটিল পরিস্থিতিতে মানবতাবিরোধী অপরাধ ও জান্তা অফিসারদের অপরাধের বিচার করা সত্যিই দুরূহ ব্যাপার ছিল,” বলেন তিনি।
এ কারণেই অপরাধীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছিল আর্জেন্টিনায়।
চলমান বিচরের ফলাফল তুলে ধরে দেশটির নাগরিক সমাজের অন্যতম এই সদস্য জানান, ৪৬৪ জনের বিচার হয়েছে ট্রাইব্যুনালে। এর মধ্যে ২৫০ জনের বিচার ন্যাশনাল কোর্টে গেছে। ১৬ জনের বিচার গড়িয়েছে সুপ্রিম কোর্ট বা দেশের সর্বোচ্চ বিচারালয়ে।
বিচারে মোট ৫৫৪ জন দোষী এবং ৫৯ জন নির্দোষ প্রমাণিত হয়েছে। ৮০ জনের বিচার হয়েছে মানবতাবিরোধী অপরাধে, নয়টি আদালতে ২০টি গণহত্যার মামলা মীমাংসা হয়েছে।
বিচার হয়েছে দেশটির ফৌজদারি আইনে। সাধারণ অপরাধগুলোর (অরডিনারি ক্রাইম) বিচার হয়েছে দেশীয় পুরাতন আইনে। বিশেষ অপরাধের বিচার হয়েছে বিশেষ আইনে।
ইরিনা বলেন, “একথা সত্য আর্জেন্টিনা জেনোসাইডসহ অনেক আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। কিন্তু বিচারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের ‘ইগনোর’ করেছে।
“দেশের থেকে বাইর থেকে সমালোচনা হয়েছে। তবে এতো কিছুর মধ্যেও মানবতাবিরোধী অপরাধী, গণহত্যাকারী ও নির্যাতনকারীদের বিচার হয়েছে। আর্জেন্টিনা বিশ্বকে সেটা করে দেখিয়েছে।”
আর্জেন্টিনায় সংগঠিত অপরাধের সঙ্গে বাংলাদেশের অনেক পরিস্থিতির মিল রয়েছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
তিনি বলেন, তারা যেমন স্বৈরাচারের হাতে মানবতাবিরোধী অপরাধের শিকার, বাংলাদেশও পাকিস্তানি স্বৈরাচার, তাদের সেনাবাহিনী ও সহযোগীদের হাতে মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছে। দুই দেশই বিশেষ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার করছে।
