‘সোর্স’ পরিচয়ে ৫০ লাখ টাকা আদায়, গ্রেপ্তার ১
নিখোঁজ এক ব্রিটিশ নাগরিকের পরিবারের কাছ থেকে ‘র্যাবের সোর্স’ পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
হাজী আলম নামের ওই ব্যক্তিকে সোমবার রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর উপ-অধিনায়ক মোহাম্মদ খুরশীদ আলম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক প্রায় চার মাস ধরে নিখোঁজ রয়েছেন। আলম র্যাবের সোর্স পরিচয় দিয়ে ওই ব্যক্তির সন্ধান দেওয়ার কথা বলে ওই পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়।”
র্যাব-৪ এর সহকারী পরিচালক আরিফ বিন জলিলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুলাই ইয়াসিন মোহাম্মদ তালুকদার (৩৫) বনানী রেল স্টেশনের সামনে থেকে নিখোঁজ হন। পরিবারের পক্ষ হতে ধারণা করা হয়, ইয়াসিনকে অপহরণ করা হয়েছে অথবা আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে।
এই ধারণার ভিত্তিতে পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। ইয়াসিন তালুকদারের মা ডা. সুরাইয়া পারভীন তালুকদার তার বাড়ির মেরামত কাজে নিয়োজিত এক মিস্ত্রির মাধ্যমে আলমের সঙ্গে পরিচিত হন।
হাজী আলম নিজেকে র্যাবের সোর্স পরিচয় দিয়ে নিখোঁজ ইয়াসিনের সন্ধান বের করতে দুই কোটি টাকা দাবি করেন বলে র্যাব জানায়। পরে ৩০ লাখ টাকায় রফা হয় এবং ডা. সুরাইয়া ১৫ লাখ টাকা আগাম দেন।
সন্তান সন্ধানে ব্যাকুল এই মায়ের কাছ থেকে হাজী আলম চার দফায় ৫০ লাখ টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। তখন তিনি ঘটনাটি প্রকাশ করলে র্যাব অভিযানে নামে।
হাজী আলম ৫০ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই টাকার ২৬ লাখ টাকা হাজী আলম এবং বাকি ২৪ লাখ টাকা তার দুই সহযোগী আত্মসাৎ করেছেন।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশি বংশোদ্ভূত ওই ব্রিটিশ নাগরিক ইয়াসিন পেশায় একজন চিকিৎসক।
গত ১৪ জুলাই বনানী রেলস্টেশনের সামনে থেকে একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে ভাষানটেক থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তার মা।
