রাজধানী জুড়ে বিজয় উৎসবের প্রস্তুতি
তরুণ প্রজন্মের সামনে ইতিহাসের অনেক অজানা অধ্যায় তুলে ধরে তাদেরকে দেশাত্মবোধে জাগিয়ে তুলতে রাজধানী জুড়ে শুরু হয়েছে ‘বিজয় উৎসব’ এর নানা প্রস্তুতি।
রোববার এক সংবাদ সম্মেলন সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং এক সংবাদ বিবৃতিতে ছায়ানট জানিয়েছে বিজয় দিবসকে ঘিরে তাদের নানা আয়োজনের কথা ।
গান, কবিতা, নাচ আর ইতিহাসের নানা পংক্তিমালায় সাজানো হচ্ছে তাদের এসব আয়োজন।
সাংস্কৃতিক জোটে ‘বিজয় উৎসব’
বিগত বছরগুলোর মতো এবারও কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর বিভিন্ন প্রান্তে বিজয় উৎসবের আয়োজন করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ উৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঐক্য গড় বাংলাদেশ/ সাম্প্রদায়িকতা হবে শেষ'।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) জোট কার্যালয়ে সংবাদ সম্মেলন এতথ্য জানান জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
তিনি জানান, বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের উদ্বোধন করবেন সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। এছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হবে বিজয় শোভাযাত্রা।
গোলাম কুদ্দুছ জানান, শহীদ মিনারসহ রাজধানীর নয়টি মঞ্চে বিজয় উৎসবের অনুষ্ঠানমালা করবেন তারা। এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে ১৩ থেকে ১৬ ডিসেম্বর, ধানমন্ডি রবীন্দ্রসরোবর মঞ্চে ১৪ থেকে ১৬ ডিসেম্বর, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চে ১৪ থেকে ১৬ ডিসেম্বর থাকবে নানা আয়োজন।
এছাড়া মিরপুর সড়ক ও জনপথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ মঞ্চে (পাইকপাড়া) ১৪ ডিসেম্বর, মিরপুর-কামাল মজুমদার স্কুল অ্যান্ড কলেজ মাঠ মঞ্চ (রূপনগর) ১৫ ডিসেম্বর, মিরপুর-মুকুল ফৌজ ৬ নম্বর সেকশন মাঠ মঞ্চে ১৬ ডিসেম্বর, বাহাদুর শাহ পার্ক মঞ্চ ১৭-১৮ ডিসেম্বর, উত্তরা রবীন্দ্র সরণি মঞ্চে ১৮-১৯ ডিসেম্বর এবং দনিয়া বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন মঞ্চে ১৪-১৬ ডিসেম্বর উৎসবের অনুষ্ঠানমালা হবে।
প্রতিদিন বিকাল ৪টা থেকে সকল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এই বিজয় উৎসবে অংশ নেবে প্রায় তিন শতাধিক সাংস্কৃতিক সংগঠন। এতে থাকবে দলীয় নৃত্য, দলীয় আবৃত্তি, গণসঙ্গীত, পথ নাটক, শিশু কিশোরদের পরিবেশনা, চলচ্চিত্র ও দেশের বরণ্য শিল্পী ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীদের একক পরিবেশনা।
ছায়ানটের আয়োজন ‘দেশাত্মবোধ জাগাতে’
মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে তুলতে বিজয় দিবসে নতুন আয়োজন নিয়ে আসছে ছায়ানট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে তাদের এই আয়োজনে গান শোনানোর জন্য নয়, হবে গান গাওয়ার অনুষ্ঠান।
ছায়ানট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৬ ডিসেম্বর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকার লাল সবুজে সাজিয়ে সবাই গেয়ে উঠবে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ শিল্পীরা আসবেন লাল শাড়ি আর পাঞ্জাবি গায়ে।
দর্শকদের অনুরোধ করা হয়েছে সবুজ শাড়ি আর পাঞ্জাবি পড়তে, যাতে লাল সবুজের পতাকার আদল আনা যায়। মাঠে প্রবেশের বিন্যাসও সেভাবেই করা হয়েছে। অনুষ্ঠানের পুরো আবহের মধ্যে জড়িয়ে থাকবে বাংলাদেশ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত। হৃদয়ে থাকবে বাংলাদেশ।
জাতীয় সঙ্গীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ১৬ ডিসেম্বর বিকাল ৩টা ৪০ মিনিটে শুরু হবে এ অনুষ্ঠান। আর ১৯৭১ সালে আত্মসমপর্ণের মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ করা হবে এ আয়োজন।
পরিসর বড় করা হয়েছে এবারের আয়োজনের, যাতে ২৪টি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলক গানগুলোর সঙ্গে ছায়ানটের শিল্পীরা ছাড়াও জাগো আর্ট সেন্টার, নৃত্যনন্দন, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র ও ব্রতচারী নৃত্য পরিবশন করবে।
সমাবেশের মতো ব্যাপ্তি ঘটেছে বিষয়েও। এবারের নতুনত্ব বিজয়-দিবস উপলক্ষে নতুন গানের সৃষ্টি, লিখেছেন কবির বকুল, সুর দিয়েছেন সুজেয় শ্যাম।
এবারে আয়োজনে সম্মেলক নয়টি গান থাকবে। এর মধ্যে ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে’, ‘এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো’, ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’, ‘কলকল ছলছল নদী করে টলমল’, ‘বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল’, ‘আমরা তো উজ্জ্বল সূর্য’, ‘ভোর করে যাই কালরাত্রি’, ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’, ‘তিরিশ লক্ষ জীবন দিয়া, আনছি স্বাধীনতা’, ও ‘লাখো লাখো শহীদের রক্তমাখা’ রয়েছে।
ছায়ানট জানিয়েছে, আয়োজনের দিনে আয়োজক, সাংবাদিক এবং নির্বাচিত শিল্পী ও তাদের সঙ্গীরা মাঠে প্রবেশ করবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন জিমনেশিয়ামের গেট দিয়ে। জনসাধারণের জন্যে উন্মুক্ত রাখা হয়েছে দোয়েল চত্বর সংলগ্ন সুইমিং পুল গেট।
ছায়ানট সভাপতি সনজীদা খাতুন বলেন, “এখন অনেক বেশি সাম্প্রদায়িক মনোভাবের হয়ে পড়েছি আমরা। মানুষ মানুষকে হত্যা করছে, মুসলিম মুসলিমকে হত্যা করছে। ১৯৬৭ সালে পহেলা বৈশাখের মাধ্যমে বাঙালির স্বত্বাকে জাগানোর চেষ্টা করেছিলাম। সেটা তো এখনও পূর্ণাঙ্গতা পেল না।
“চার দশক আগে যে বিজয় এসেছিল সে বিজয়ের পর এখন কী আমরা স্বাধীনভাবে জীবন-আচরণ করতে পারছি?”
তিনি আরো বলেন, “পহেলা বৈশাখের মত আজ দেশবাসী বিজয় উৎসবে মেতে উঠে। ২০০১ সালে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলার পর মানুষ তার প্রতিরোধ গড়ে তুলেছে। মানুষের মধ্যে বোধ জন্মেছে। আমরা সেই বোধকে আরো বেশি করে ছড়িয়ে দিতে চাই। বিজয় কত বড় জিনিস, কত রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে- সেই ইতিহাস আমরা গানে গানে বাঙালির মধ্যে আরো বেশি ছড়িয়ে দিতে চাই।”
