২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাচেষ্টা: আসামিদের গ্রেপ্তারে নির্দেশনা চেয়ে সাংবাদিকের রিট

যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসানকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলার আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 06:26 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

একইসঙ্গে আসামিদের গ্রেপ্তারে ব্যর্থতা কেন বেআইনী হবে না- এই মর্মে রুল জারির আর্জিও জানানো হয়েছে।

রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় শাকিল হাসানের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ রিট করেন।

স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, চকবাজার মডেল থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মুরাদুল ইসলামকে রিটে বিবাদী করা হয়েছে।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হকের নেতৃত্বাধীন বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।

গত ৬ নভেম্বর পুরান ঢাকায় অবৈধ পলিথিন তৈরির কারখানা নিয়ে প্রতিবেদন করতে গিয়ে কারখানার শ্রমিকদের হামলায় আহত হন যমুনা টেলিভিশনের সাংবাদিক শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহীন আলম।

আট থেকে ১০ জনের একটি দল তাদেরকে মারধর করে ক্যামেরা ভেঙে ফেলে। পরে শাকিলের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ওই দিন বিকালে দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১২-১৪ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করা হয়।

পরে ৮ নভেম্বর পুরান ঢাকার দেবীদাস ঘাট এলাকা থেকে শাওন ও অভি নামে পলিথিন কারখানার দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়।

পুরনো খবর:

পুরান ঢাকায় সাংবাদিকের ওপর হামলায় গ্রেপ্তার ২
পুরান ঢাকায় সাংবাদিকের ওপর হামলা