২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে হস্তক্ষেপ বন্ধ হলে কমবে মানবাধিকার লংঘন: সাবেক আইজিপি বজলুর

মানবাধিকার লংঘনের বেশিরভাগ ঘটনা পুলিশ থেকে ঘটছে মন্তব‌্য করে বাহিনীটির সাবেক প্রধান কাজী বজলুর রহমান বলেছেন, পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা গেলে মানবাধিকার লংঘন অনেক কমে যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 12:35 AM

Updated : 12 Apr 2022, 03:30 AM

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাবেক এই আইজিপি বলেন, “পুলিশকে স্বাধীনতা দিলে, হস্তক্ষেপ যদি না থাকে এবং আইন মেনে কাজ করার স্বাধীনতা দেওয়া যায় তাহলে মানবাধিকার লংঘন অনেক ক্ষেত্রেই কমে যাবে।”

মানবাধিকার দিবস উপলক্ষে বিকালে মিরপুরের কামাল মজুমদার স্কুল কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) আয়োজিত সভায় বক্তব‌্য দেন বজলুর রহমান।

অন‌্যদের মধ‌্যে সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক আপেল মাহমুদ সভায় বক্তব্য রাখেন।

বজলুর রহমান বলেন, “পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার পর পুলিশ একাডেমিতে তাদের অনেক কিছুই শেখানো হয়। কিন্তু তারা মাঠে আসার পরই বদলে যাচ্ছে।

“এর কারণ রাজনৈতিক হস্তক্ষেপ। পুলিশের কাছ থেকে যথাযথ সেবা পেতে হলে অবশ্যই হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এ হস্তক্ষেপ বন্ধ করা গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে। মানবাধিকার লংঘন কমে আসবে।”

সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম বলেন, “মানুষের মানবাধিকার রক্ষা রাষ্ট্রের সাংবিধানিক অঙ্গীকার। কিন্তু এখনো দেশের অধিকাংশ মানুষ মানবাধিকার বঞ্চিত।”

তিনি বলেন, “আইনের শাসন আগেও ছিল এখনও আছে। কিন্তু বাস্তবায়নই বড় কথা। আমরা যারা রক্ষক তারাই হয়ে যাই ভক্ষক।”