উদ্বেগে শারীরিক শিক্ষার শিক্ষকরা
মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান বাড়াতে শিক্ষাবিদরা যেসব প্রস্তাব দিয়েছেন তাতে চাকরি নিয়ে শঙ্কায় পড়ার কথা জানিয়েছেন শারীরিক শিক্ষার শিক্ষকরা।
শনিবার সেগুনবাগিচায় ডিআরইউয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আবু মোহাম্মদ ওই সুপারিশকে শিক্ষা ব্যবস্থার ‘মূলে আঘাত’ বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, “শারীরিক শিক্ষা বিষয়টি পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত না থাকলে এর সংগে সংশ্লিষ্ট প্রায় ৩৬ হাজার শারীরিক শিক্ষকের চাকরির অনিশ্চয়তা দেখা দিবে। এছাড়াও দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শারীরিক শিক্ষক প্রশিক্ষণ কলেজে কেউ যেতে আগ্রহী হবে না।”
সম্প্রতি এক কর্মশালায় শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এসএসসি পর্যায়ে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোকে পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত না করে বিদ্যালয়ে নিচু শ্রেণিতে ধারাবাহিকভাবে পড়ানোর সুপারিশ করেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা।
কর্মশালার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, “বিষয়গুলোর কোনোভাবেই গুরুত্ব কমাচ্ছি না। এত বেশি বিষয় পাবলিক পরীক্ষায়… পরীক্ষায় বেশি সময় লাগে, ক্লাস কম হয়। এসব কারণে পরীক্ষার সময় কমিয়ে নিয়ে আনার জন্য এ বিষয়গুলোকে অন্য পদ্ধতিতে ধারাবাহিকভাবে মূল্যায়ন করব, পাবলিক পরীক্ষার রুটিনের মধ্যে রাখার প্রয়োজন হবে না।”
তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সরকার।
ওই সুপারিশের প্রতিবাদ জানিয়ে শারীরিক শিক্ষার শিক্ষকদের সংগঠনের নেতা আবু মোহাম্মদ বলেন, “এ রকম গুরুত্বপূর্ণ বিষয়কে তারা এক কলমের খোঁচায় বাদ দিয়ে দিবেন! আমরা তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এই সুপারিশ বাস্তবায়িত হলে দেশ শুধু ব্যক্তিগতভাবেই নয়, জাতিগতভাবেও ক্ষতিগ্রস্ত হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত নারী উদ্যোগ কেন্দ্রের কার্যনির্বাহী পরিচায়ক মাসুদা খাতুন শেফালি অভিযোগ করেন, “সুপারিশ কমিটি বলছে, এই বিষয়টি নাকি ‘লোড’ হয়ে যায়। অথচ এই বইটি দেখলে আপনারা দেখবেন কত সহজ করে তা লেখা হয়েছে, এর কোনো ওজনই নেই। একটা ছেলে ফুটবলে লাথি মারবে, এখানে কঠিন বা চাপের কী আছে, কী ‘লোড’ আছে তা আমার মাথায় ঢোকে না।”
শারীরিক শিক্ষাবিদদের দীর্ঘ দিনের আন্দোলনের প্রেক্ষাপটে ২০১০ সালে জেএসসি এবং ২০১৩ সালে এসএসসিতে শারীরিক শিক্ষা বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়।
