২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্ব নির্বাচন করছেন ঢাবি শিক্ষক সমিতির সদস্যরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে চলছে ভোট গ্রহণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2016, 11:51 AM

Updated : 12 Apr 2022, 03:28 AM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন সমিতির সদস্যরা। ভোট চলবে দুপুর ২টা পর্যন্ত।

নির্বাচনে অংশ নিচ্ছে ‘নীল দল’ নামে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের প্যানেল, বিএনপি-জামায়ত সমর্থক ‘সাদা দল’ এবং বামপন্থি শিক্ষকদের ‘গোলাপী দল’।

প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমদ বলেন, “সকাল ১০টা থেকে ভোট শুরু হয়েছে। এবার ভোটের সংখ্যা প্রায় দুই হাজারের মতো।”

ছুটিতে থাকা শিক্ষকরাও ভোটে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।

তিন প্যানেল থেকে যারা প্রার্থী

‘নীল দল’ থেকে সভাপতি পদে লড়ছেন মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ এ এস এম মাকসুদ কামাল; সাধারণ সম্পাদক পদে প্রার্থী আইন বিভাগের রহমত উল্যাহ। তিনি কবি জসিম উদ্দিন হলের প্রাধ্যক্ষ।

‘সাদা দল’ থেকে সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক  পদে তাদের প্রার্থী পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের শিক্ষক স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ মো. লুৎফর রহমান।

‘গোলাপী দল’ থেকে সভাপতি পদে প্রার্থী অর্থনীতি বিভাগের এম এম আকাশ; সাধারণ সম্পাদক প্রার্থী আইন বিভাগের শেখ হাফিজুর রহমান কার্জন।

‘নীল দলে’ থেকে সহ-সভাপতি পদে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিবলী রুবাইতুল ইসলাম; যুগ্ম-সম্পাদক পদে টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগের চেয়ারম্যান আবু জাফর মো. শফিউল আলম ভুঁইয়া; কোষাধ্যক্ষ পদে ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান আব্দুস ছামাদ মনোনয়ন পেয়েছেন।

‘সাদা দল’ থেকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের লায়লা নূর ইসলাম সহ-সভাপতি; যুগ্ম-সম্পাদক পদে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের গোলাম রব্বানী এবং কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের মো. মোর্শেদ হাসান খান লড়ছেন।

বাম সমর্থিত ‘গোলাপী দল’ থেকে সহ-সভাপতি পদে সমাজবিজ্ঞানের নেহাল করিম; যুগ্ম-সম্পাদক পদে পালি অ্যান্ড বুদ্ধিস্ট বিভাগের সুমন কান্তি বড়ুয়া এবং কোষাধ্যক্ষ পদে ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ মহিউদ্দীন মনোনয়ন পেয়েছেন।

‘নীল দল’ থেকে সদস্য পদপ্রার্থী হয়েছেন- অর্থনীতি বিভাগের ফরিদ উদ্দিন আহমেদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ইমদাদুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মাহবুবা নাসরীন এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের মো. নিজামুল হক ভূঁইয়া, বাংলার বাইতুল্ল্যাহ কাদেরী, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলাজ বিভাগের এস এম আব্দুর রহমান, ইংরেজি বিভাগের তাজিন আজিজ চৌধুরী, লেদার অ্যান্ড টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটিটের পরিচালক মো. আফতাব আলী শেখ, পালি অ্যান্ড বুদ্ধিস্ট বিভাগের চেয়ারম্যান বিমান চন্দ্র বড়ুয়া এবং রোবটিক্স ও মেকাটনিক্স বিভাগের চেয়ারম্যান লাফিফা জামাল।

‘সাদা দল’ থেকে সদস্য প্রার্থী হয়েছেন- প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ইয়ারুল কবীর, পদার্থ বিজ্ঞান বিভাগের এ বি এম ওবায়দুল ইসলাম, প্রাণরসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মামুন আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মোহাম্মদ কামরুজ্জামান  এবং  মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মো. আখতার হোসেন খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আবদুল করিম, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের মো. আসলাম হোসেন, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুকোমল বড়ুয়া এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম।

‘গোলাপী দলের’ সদস্য প্রার্থীরা হলেন- ইংরেজি বিভাগের ফকরুল আলম, অর্থনীতির শফিক উজ জামান, পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের এম আকতারুজ্জামান, দর্শন বিভাগের এ কে এম সালাউদ্দিন।

তিন দলেরই জয়ের প্রতাশা

টানা চতুর্থবারের মতো সমিতির নেতৃত্বে থাকার আশা করেছেন আওয়ামী লীগ সমর্থক ‘নীল দলের’ সভাপতি প্রার্থী এ এস এম মাকসুদ কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রত্যাশা করি, নীল দল ১৫ পদেই জিতবে, কারণ শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা পূরণ করতে পেরেছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বপক্ষ শক্তি।”

মুক্তিযুদ্ধের চেতনার ধারক শিক্ষকরা নীল দলকে ভোট দিয়ে জয়ী করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থক ‘সাদা দলের’ প্রার্থী অধ্যাপক সিরাজুল ইসলাম ভোটে যে ফলই আসুক তা মেনে নেবেন বলে জানান।

“আশা করছি জয়ী হব, তবে শিক্ষকরা ভোটের মাধ্যমে যে রায় দেবেন, সে রায় মেনে নেব।”

বামপন্থি শিক্ষকদের প্যানেল ‘গোলাপী দল’ থেকে সভাপতি পদে লড়ছেন অর্থনীতি বিভাগের এম এম আকাশ।

“১৯৭৩ এর স্বায়ত্বশাসন আদেশের মর্মবাণীর প্রতি অঙ্গিকারাবদ্ধ ও মুক্তিযুদ্ধের পক্ষে নীতিনিষ্ঠ শিক্ষকরা আমাদের ভোট দিয়ে জয়ী করবেন,” বলেন তিনি।

পুরনো খবর:

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে ৩ প‌্যানেল চূড়ান্ত