এনসিসি নির্বাচন: ঝুঁকিপূর্ণ ৫৩ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা চান সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে ৫৩টি ভোট কেন্দ্র নিয়ে অভিযোগ জানিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্যে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান।
বুধবার প্রার্থীর নির্বাচনী এজেন্টের মাধ্যমে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা শেখ মো. আদিল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থী সাক্ষরিত ৫৩টি কেন্দ্রের তালিকাসহ সেখানে বিশেষ নজর রাখার দাবি নিয়ে চিঠি এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে পুলিশ সুপারকে নির্দেশনা পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।”
এ কর্মকর্তা জানান, বুধবার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম, মতিউর রহমান ও ১৪ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটের দিন নিরাপত্তা বাড়ানোর জন্যে আবেদন জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন।
এ ভোটে নারায়ণগঞ্জের ১৭৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে সবখানে সমান সংখ্যক আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োজিত রাখা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার।
২২ ডিসেম্বর ভোট হবে নারায়ণগঞ্জ সিটিতে।
