২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি, আগ্রা ঢুঁড়ে ইতিহাসের তালাশ

ভারতের রাষ্ট্রপতি ভবনের দরবার হলে বাংলাদেশ থেকে যাওয়া যুব প্রতিনিধিদের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ‌্যায় বললেন, অবিভক্ত ভারতে নির্মিত ইতিহাসের সাক্ষী এই ভবনের উত্তরাধিকার তারাও।

সুলাইমান নিলয়

দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 02:25 PM

Updated : 11 Oct 2022, 09:25 PM

দিল্লি, আগ্রার ঐতিহাসিক সব স্থানে ঘুরে ঘুরে সেই ইতিহাসেরই তালাশ করছে বাংলাদেশের শত তরুণের এই প্রতিনিধি দল।

দুই দেশের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে পৌছান এই প্রতিনিধি দলের সদস‌্যরা।

তাদের মধ‌্যে চিকিৎসক, শিল্পী, ক্রীড়াবিদ, সাংবাদিক, প্রকৌশলী, ফ‌্যাশন মডেল, রেডিও জকি ও সমাজকর্মী যেমন আছেন, তেমনি আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এক সপ্তাহের এই সফরে দিল্লি ও আগ্রা ছাড়াও আহমেদাবাদ ও কলকাতার বিভিন্ন ঐতিহাসিক নির্দশন তারা ঘুরে দেখবেন।

প্রথম দিনের দিল্লি দর্শন

রোববার দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই ৫০ তরুণ ও সমসংখ‌্যক তরুণীর এই প্রতিনিধি দলের সদস‌্যদের তিনভাগে ভাগ করা হয়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা আর দুপুরে খাবার পর তারা হাজির হন ভারতের জাতীয় জাদুঘরে। হরপ্পা-মহেঞ্জদারো সভ্যতা থেকে শুরু করে প্রাচীন ভারতের নানা ঐতিহাসিক নিদর্শন আর পুরাকীর্তির দেখান পান তারা।

পাঁচ হাজার বছর আগের হরপ্পা সভ্যতাকে চেনাতে জাদুঘরে থাকা একটি ছবিতে দেখা মেলে মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি রাস্তার; শাসক আর প্রজাদের ভাগ করে যেটি শেষ হয়েছে শহরপ্রান্তে থাকা জলাধারে, এরপরই বেষ্টনি দেয়াল।

জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বৃষ্টির পানি সংরক্ষণের পাশাপাশি জলাধারগুলো তখনকার নিরাপত্তাব্যবস্থায় যে পৃথক মাত্রা যোগ করত তা দেখে বিস্মিত হন তরুণ প্রতিনিধিরা। সেখানে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের হাড়ও দেখেন তারা।

তরুণ বাংলাদেশিরা এরপর ছোটেন ইন্ডিয়া গেইট দেখতে; প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সৈনিকদের স্মরণে নির্মিত ওই গেইটে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা ঘনিয়ে আসে।

সাপ্তাহিক ছুটির দিনে ইন্ডিয়া গেইটে তখন অনেক মানুষের মেলা; সে মেলার ভিড়ে হারিয়ে যান বাংলাদেশের প্রতিনিধি দলের সদস‌্যরাও।

মেট্রোতে হারিয়ে যাওয়া

বাংলাদেশি তরুণ-যুবারা এরপর ছোটেন দিল্লির যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়ে দেওয়া মেট্রোরেল দেখতে। ঢাকার মেট্রোরেল কেমন হবে সেই সম্ভাবনার আলোচনা তখন তাদের মুখে মুখে। 

ভারতীয় কর্মকর্তারা মেট্রো স্টেশনেই প্রতিনিধি দলের সদস‌্যদের হাতে দিয়েছিলেন জোড়বাগ স্টেশনে ফেরার টোকেন। কিন্তু তিন দলের মধ‌্যে একটি ভুল করে উল্টো দিকের ট্রেনে চেপে বসায় ঘটে বিপত্তি।

কারও ফোনে ভারতের সিম নেই, যথেষ্ট ভাঙতি রুপিও নেই পকেটে। তাই নিয়ে অন‌্য দুই দলেও চলে দুশ্চিন্তা। শেষ পর্যন্ত ভারতীয় কর্মকর্তাদের তৎপরতায় উল্টোপথের ১১টি স্টেশন ঘুরে ফিরে আসে ‘হারিয়ে যাওয়া’ দল।

তাদেরকে দেখে অন্যরা দুশ্চিন্তামুক্ত হলেও হারিয়ে যাওয়া দলের বেশি সময় নিয়ে বেশি স্টেশন ঘোরার আনন্দ দেখে অন‌্য দুই দল তখন পুড়তে থাকে ‘ইর্ষায়’।

প্রথম দিনের ঘোরাঘুরি শেষ হয় চাণক্যপুরীতে। হোটেল অশোকে হয় রাত্রিযাপন।

লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন

সোমবার সকালে রাজঘাটে অহিংস আন্দোলনের প্রবাদপুরুষ মহাত্মা গান্ধীর সমাধিসৌধ দেখে বাংলাদেশি যুব প্রতিনিধিরা ছুট লাগান দিল্লির ঐতিহাসিক লালকেল্লায়।

কিন্তু বিধিবাম! সাপ্তাহিক ছুটির দিন বলে ভেতরে ঢোকা গেল না। আড়াইশ একরের বেশি জমির ওপর নির্মিত এ দুর্গের সীমানা দেয়ালের বাইরে থেকে স্থাপত্যরূপ দেখেই চোখের ক্ষুধা মেটাতে হয়।

এরপর প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে যাওয়া হয় মোঘল সম্রাট শাহজাহানের আমলে নির্মিত দিল্লি জামে মসজিদে। দুপুরের খাবার খেয়ে সবাই প্রস্তুত হতে থাকেন রাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন‌্য।

‘রাষ্ট্রপতি ভবন’ পৌঁছে চলতে থাকে সেখানকার নানা আনুষ্ঠানিকতা আর সাক্ষাতে কথাবার্তা বলার মহড়া। সন্ধ্যা গড়াতেই অত্যন্ত সাদাসিধেভাবে দরবার হলে প্রবেশ করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ‌্যায়।

ভারতের স্বাধীনতা আর নানা সময়ে ক্ষমতা হস্তান্তরের সাক্ষী সেই দরবার হলে দাঁড়িয়ে বাঙালি রাষ্ট্রপতি প্রণব বাংলাদেশের তরুণদের উদ্দেশে বলেন, “এই ভবন অবিভক্ত ভারতে নির্মিত হয়েছিল। সুতরাং তোমরাও এখানকার উত্তরাধিকার।”

শুভেচ্ছা স্মারক, বক্তব্য আর ফটো সেশন- একে একে সব শেষ হয়, কিন্তু মনে হয় সব যেন এক নিমিষেই উড়ে গেল।

দরবার হল পেরিয়ে প্রতিনিধি দলের সদস্যদের চার দরজা টপকে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপতি ভবনের বিশাল ডাইনিং হলে। সেখানে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে গল্পে আড্ডায় মেতে ওঠেন ক্রীড়া প্রতিমন্ত্রী বিজয় গয়াল।

গল্প-আড্ডা আর খাওয়া-দাওয়ায় ফুরিয়ে আসে সময়। এক সময় বিদায় চান মন্ত্রী।

প্রতিনিধি দলের সদস্য মৌরিন কিবতিয়া এ সময় বলে উঠেন, “আমার বিশ্বাসই হচ্ছে না, আমি এখন এখান আছি। মাঝে মাঝে নিজেকে চিমটি কেটেও দেখেছি।”

তাজমহল, তাজমহল…

মঙ্গলবার প্রতিনিধি দলের সদস্যরা যান আগ্রার তাজমহলে; দেখেন মুঘল সম্রাট শাহজাহানের পত্নী মমতাজের সমাধি; তারপর আকবর, জাহাঙ্গীর আর শাহজাহানের বসবাসস্থল আগ্রা দূর্গও দেখা হয়। 

শুকিয়ে যাওয়া যমুনার তীরে এই দুই স্থাপনা দেখার রাতে অন্য আনন্দ নিয়ে ফেরেন প্রতিনিধি দল। বুধবার যে তাদের কুতুব মিনার দেখার কথা!

দুই শহরে ছড়ানো ছিটানো ইতিহাসের সন্ধান পেয়ে অভিভূত প্রতিনিধি দলের সদস্য শেখ রাকিবুল্লাহ হাসান। তার ভালো লেগেছে তাজমহলের অনন্য স্থাপত্য শৈলী।

“একটা মার্বেলের ওপর পেন লাইট ধরলো পুরো দেয়াল আলোকিত হয়ে যায়। আলাদা কোণ থেকে তাকালে ফ্লোরের আল্পনায় ভিন্ন ভিন্ন পাঁচটা ডিজাইন পাওয়া যায়।

“চাঁদের আলোয় তাজমহলের রূপ পাল্টে যায়- সেটাও দেখেছি। বালু আর সিরামিকের একটা মিশ্রণ আছে, যেখানে এক পা ডানে বা বাঁয়ে সরলেই তাজমহলের রূপ ক্ষণিকের জন্য বদলে যায়।”

চিকিৎসক কাওসার আলমের ভালো গেলেছে আগ্রা দূর্গ, যেখানে সম্রাট ও বন্দি হিসেবে দুইভাবে জীবন কাটিয়েছেন শাহজাহান। সেই দূর্গের দেয়ালে আছে আকবর আর জাহাঙ্গীরের স্মৃতিও।

“এটার কারুকার্য, বিশালত্ব, মোঘলদের সৌখিন দৃষ্টিভঙ্গি- এসবের পরিচয় পেয়ে ভালো লেগেছে।”

ভালো লেগেছে  বাকি ৯৮ জনেরও। প্রতিনিধিদের ‘গ্রুপ লিডার’ মহিউদ্দিন ফয়েজের মতে, এ সফর সাংস্কৃতিক বন্ধন মজবুত করার পাশাপাশি নেতৃত্বগুণ বিকাশেও ভূমিকা রাখবে। 

“এ ট্যুর আমাদের জন্য একটা বড় সুযোগ। আমরা এখানে অনেকের সঙ্গে পরিচিত হচ্ছি, যা দুই দেশের সম্পর্ক মজবুত করতে সহযোগিতা করবে। পাশাপাশি আমাদের নেতৃত্ব-গুণ আরও বিস্তৃত হবে, যোগাযোগ বাড়াবে।”

সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সফর বড় অবদান রাখতে পারে মন্তব্য করে ফয়েজ ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে তরুণ-যুবাদের সংখ্যা বাড়ানোরও পরামর্শ দেন ।