যাত্রাবাড়ী ফ্লাইওভারে গাড়ি উল্টে আহত ২
ঢাকার যাত্রাবাড়ী ফ্লাইওভারে একটি প্রাইভেটকার উল্টে চালক ও এক আরোহী আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার এসআই লক্ষ্মী কান্ত রায় জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
“শনির আখড়া থেকে আসা নিশান প্রাইভেটকারটি গুলিস্তানের দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ফ্লাইওভারের দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়।”
গাড়িতে চালক ও ওই আরোহী ছাড়া কেউ ছিলেন না বলে জানান লক্ষ্মী কান্ত। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় বলতে পারেননি তিনি।
এই পুলিশ সদস্য বলেন, “আহত দুজনের আঘাত গুরুতর নয়। উল্টে যাওয়া গাড়িটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে।”
