২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের নকশার বাক্স খোলা হতে পারে বুধবার

যুক্তরাষ্ট্র থেকে আনা জাতীয় সংসদ ও আশপাশের এলাকার নকশার বাক্স বুধবার খোলা হতে পারে বলে স্পিকার শিরিন শারমিন চৌধুরী জানিয়েছেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 09:58 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

এরপর গুছিয়ে সেগুলো প্রধানমন্ত্রীকে দেখানো হবে বলে জানিয়েছেন তিনি।

কয়েকদিন আগে বাংলাদেশে আসা সংসদ ভবনের মূল নকশার অনুলিপি নিয়ে করণীয় ঠিক করতে সোমবার রাতে সংসদের অধিবেশন শেষে শিরীন শারমিনের সঙ্গে বৈঠক করেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সেখানে নকশার বাক্স খোলা ও এ বিষয়ে প্রাথমিকভাবে করণীয় নিয়ে আলোচনা হয় বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান।

এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থপতিদের সঙ্গে আলোচনা করে নকশাগুলোর ‘সর্টিং’ করা হবে। এজন্য কয়েক দিন সময় লাগবে।

“এরপর প্রধানমন্ত্রীকে সেগুলো দেখানো হবে। নকশা দেখানোর পর একটি সেট সংসদে রেখে দেওয়া হবে। বাকি সেটগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে রাখার সিদ্ধান্ত হবে সেখানে পাঠানো হবে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সংসদ এলাকায় নকশা বহিভূ‌র্ত স্থাপনা উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, “এ নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। এটি সরকারের নির্বাহী সিদ্ধান্তের বিষয়, সংসদের নয়। তবে সংসদের উত্তর দিকের ফটক প্রায় বন্ধ করে যে স্টুডিও নির্মাণ করা হয়েছিল, সেটি অচিরেই ভাঙার ব্যবস্থা করতে হবে।”

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনির্ভাসিটির মহাফেজখানা (আর্কাইভ) থেকে সংসদ ভবনের স্থপতি লুই কানের তৈরি করা ৮৫৩টি নকশা গত বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছায়। ৪১টি বাক্সে মোট চার সেট নকশা আনা হয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানা যায়, গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশার একটি সেট জাতীয় আর্কাইভসে রাখতে বলেছেন।

তিনি বলেছেন, “এই নকশা জাতীয় সম্পদ। এটি এতদিন আমাদের কাছে ছিল না। এখন হাতে এসেছে। তাই এসব নকশা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং সাধারণের দেখার জন্য প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।”

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চুক্তি অনুযায়ী শিগগিরই পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে নকশার ‘সফট কপিও’ পাওয়া যাবে।”

লুই কানের নকশা ভেঙে সংসদ ভবন এলাকায় বেশ কয়েকটি স্থাপনা বিভিন্ন সময়ে নির্মিত হয়। মূল নকশা পাওয়ার পর সেগুলো সরানো হবে বলে জানিয়েছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বিএনপি বলছে, চন্দ্রিমা উদ্যান থেকে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর সরানোর জন্যই নকশা আনা হয়েছে।

জিয়ার কবর সরানোর যে কোনো চেষ্টার বিষয়ে সরকারকে হুঁশিয়ার করে আসছেন দলটির নেতারা।

২০১৪ সালে লুই কানের প্রতিষ্ঠানের কাছ থেকে সংসদ ভবনের মূল নকশা আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর লুই কানের প্রতিষ্ঠান ডেভিড অ্যান্ড উইজডম-এর সঙ্গে যোগাযোগ শুরু করে স্থাপত্য অধিদপ্তর। নকশাগুলো পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভে থাকায় সরকারের পক্ষ থেকে সেখানেও যোগাযোগ করা হয়।

গত জানুয়ারিতে সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী মোশাররফ বলেছিলেন, সংসদ ভবনের অঙ্কিত বর্ণনামূলক তালিকা (ড্রয়িং ইনভেনটরি লিস্ট) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সরকারের কাছে এসেছে।

এরপর গত অক্টোবর মাসে তিনি সংসদে বলেছিলেন, নকশা পাওয়ার পর সংসদ এলাকা থেকে কবর সরিয়ে ফেলা হবে।

সংসদ এলাকায় সাতটি কবর রয়েছে। সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও আতাউর রহমান খান, সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া, মুসলিম লীগ নেতা খান এ সবুর, সাহিত্যিক ও সাংবাদিক আবুল মনসুর আহমদ এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার তমিজউদ্দীন খানের কবর রয়েছে সেখানে।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী শাহ আজিজ ও খান এ সবুরের কবর সংসদ এলাকা সেখান থেকে সরানোর দাবি বহু দিনের।

সংসদ এলাকার পাশে চন্দ্রিমা উদ্যানে রয়েছে জিয়াউর রহমানের কবর। ১৯৮১ সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়া নিহত হওয়ার পর প্রথমে তাকে চট্টগ্রামে সমাহিত করা হয়েছিল, পরে সেখান থেকে কবর তুলে আনা হয় ঢাকায়।

পুরনো খবর:

সংসদ ভবনের নকশা এসেছে
সংসদের নকশা আসার পর কবর সরাতে পদক্ষেপ: মন্ত্রী
কবর সরিয়ে জিয়াকে ছোট করা যাবে না: ফখরুল