অসংক্রামক রোগ প্রতিরোধে এমপিদের কাজ করার আহ্বান স্পিকারের
অসংক্রামক রোগ প্রতিরোধে ফোরাম তৈরি করে সংসদ সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সোমবার সংসদে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অসংক্রামক রোগ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর কারণে দিন দিন মানুষের মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে।
“তবে স্বাস্থ্য সচেতনতা এ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংসদ সদস্যরা অসংক্রামক রোগ প্রতিরোধে সুনির্দিষ্ট ফোরাম তৈরি করে কাজ করতে পারেন।”
সংসদের শপথ কক্ষে জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত ‘অসংক্রামক রোগ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, “সংসদ সদস্যরা অসংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশ জাতীয় সংসদ বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃ ও শিশু মৃত্যু প্রতিরোধ এবং তরুণ তরুণীদের বয়োঃসন্ধিক্ষণের স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
“সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও তারা অবদান রাখবেন।”
শিরীন শারমিন বলেন, “ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে বাংলাদেশ জাতীয় সংসদের সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে।
“আইপিইউ এর সাথে সম্পাদিত চুক্তির আলোকে ইতোপূর্বে বাংলাদেশ জাতীয় সংসদ বাল্যবিবাহ রোধে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় আইপিইউ এর সাথে বর্তমানেও এবিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।”
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত। এতে অন্যদের মধ্যে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শাহাব উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক, হার্ট ফাউন্ডেশনের সভাপতি বিগ্রেডিয়ার এম মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
