২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গায়ের কাপড় ছাড়া কিছুই বাঁচে নাই’

জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় সর্বহারা যে মানুষগুলো রাজধানীতে এসে কড়াইল বস্তিতে একটু মাথা গোঁজার ঠাঁই পেয়েছিলেন, আগুনের লেলিহান শিখা সর্বস্ব পুড়িয়ে পথে বসিয়ে দিয়েছে তাদের।

ফাহিমা কানিজ লাভা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 05:36 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

পুরনো খবর:

আবার পুড়ল কড়াইল বস্তি

ঢাকার অভিজাত এলাকা গুলশান-বনানীর বুকের মধ‌্যে গড়ে ওঠা এই বস্তি পোশাক শ্রমিক, রিকশাচালকসহ ঢাকার নিম্ন আয়ের বহু মানুষের ঠিকানা। রোববার দুপুরে লাগা আগুনে শেষ সম্বলটুকু খুইয়ে নারী-শিশু-বৃদ্ধসহ সহস্রাধিক মানুষ এখন খোলা আকাশের নিচে পড়েছে।

বেঁচে থাকার জন্য, লজ্জা নিবারণের জন্য বস্ত্র, শোয়ার জন্য বিছানা- সব কিছুই পুরে ছারখার; সহায় সম্বলহীন এই মানুষগুলো এখন সাহায্যের আশায় পথ চেয়ে বসে আছে।

সোমবার সকালে কড়াইল বস্তিতে সরেজমিনে ঘুরে দেখা যায়, পুড়ে যাওয়া ধ্বংসস্তুপে প্রচণ্ড রোদে বসে আছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। শিশুরা ছাড়া কারো মুখে হাসি নেই; শূন্য চোখে তাদের সব হারানোর বেদনা।

একটি পোড়া ঘরের মেঝেতে দেখা গেল কয়েকজন নারী-পুরুষ বসে আছেন। তাদের একজন কুমিল্লার শ্যামল দাস; রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্ত্রী আদর রাণী দাস আর ছেলে নির্মল দাসকে নিয়ে শ্যামল খোলা আকাশের নিচে বসে আছেন সাহায্যের আশায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লুঙ্গিটাও প্রতিবেশীগো কাছে ধার কইরা পরছি আফা। দেশে জমি-জিরাত নাই, সরকার কিছু ব্যবস্থা না করলে কই যামু।”

তার পাশে পঙ্গু এক লোক বসে আছেন। জিজ্ঞেস করে জানা গেল, তার নাম মন্টু মিয়া; দেশের বাড়ি কুড়িগ্রাম। দুই ছেলে-মেয়ে আর স্ত্রী নিয়ে ভিক্ষা করে সংসার চালাতেন। তার অবস্থা বোঝাতে তো ভাষার প্রয়োজন হয় না।

লেপ-তোষকের যে দোকানটি থেকে আগুনের সূত্রপাত বলে বলা হচ্ছে, সেই বিসমিল্লাহ বেডিং সেন্টারের মালিক সামাদকে দেখা গেল দোকানের দুই কর্মচারীকে নিয়ে আধ পোড়া কাপড়গুলো কেটে আলাদা করে রাখছেন।

সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার দোকানের পিছের মেস থাইকা আগুন লাগছে। আমার ১৪ লাখ টাকার মাল পুইড়া গেছে। আমি তো শ্যাষ হইয়া গ্যালাম। পরিবার নিয়া কই থাকুম, কি করুম? সরকার আমাগো পুনর্বাসন করবো, এই আশায় আছি।”

Image
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে রোববার দুপুরে আগুন লাগে, পুড়ে যায় কয়েকশ ঘর। ছবি: আসিফ মাহমুদ অভি

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে রোববার দুপুরে আগুন লাগে, পুড়ে যায় কয়েকশ ঘর। ছবি: আসিফ মাহমুদ অভি

Image
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে রোববার দুপুরে আগুন লাগে। ছবি: আসিফ মাহমুদ অভি

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে রোববার দুপুরে আগুন লাগে। ছবি: আসিফ মাহমুদ অভি

গোপালগঞ্জের কোটালিপাড়ার এই বাসিন্দা এখানে বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কাছাকাছিই থাকেন।

সামাদের দোকানের ডান পাশে ছিল দোতলা একটা বিল্ডিং, সেখানে এটা স্টুডিও ছিল; পুরো ভবনটাই পুড়ে গেছে।

তার বাম পাশে দোকান বসিয়ে চা বিক্রি করে পরিবার চালাতো ছিল বাকপ্রতিবন্ধী বিল্লাল; পাশাপাশি কম্পিউটারে নানা কাজও করতো। সেই দোকানেই মাকে নিয়ে থাকতেন।

পোড়া দোকানের সামনে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে বিল্লাল। কিছু বলতে পারছে না, তবে চোখে সর্বস্ব হারানোর বেদনার ভাষা স্পষ্ট।

বিল্লালের মা হাহাকার করে বলছিলেন, “গায়ের কাপড় ছাড়া কিছুই বাঁচাইতে পারি নাই গো আফা।”

পোড়া বাড়ির সামনে চোখে কালো সানগ্লাস পরে বসে আছেন দুলালী নামে এক বয়স্ক নারী; জানালেন, কদিন আগেই তার চোখের ছানি অপারেশন হয়েছে।

দুলালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন লাগবার সময় আমার দুই মাইয়া আর হেগো জামাইরা কামে গেছিলো। বড় মাইয়া আরিফার বাচ্চাটারে পাইতাছি না ওই সময়। রাতে বাচ্চারে এক লোক আইসা দিয়া গেছে।”

দুলালীর নাতনীর নাম রেশমা। আগুন দেখে ভয় পেয়ে দৌড় দিয়েছিল সে। পরে আর পথ খুঁজে পায়নি। ফিরে এসে দেখে তার বই-খাতা, খেলনা- সবই পুড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই আশায় আছেন, যদি সরকার বা কেউ তাদের জন্য কিছু করে। এর মধ্যে বিভিন্ন দলের নেতাকর্মীরা এসে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে যাচ্ছে।

তবে সরকার বা কোনো সংস্থা এখনো এগিয়ে না এলেও এলাকাবাসী নিজেরা চাঁদা তুলে সেখানেই বড় বড় হাঁড়িতে উদ্বাস্তু মানুষদের জন্য খিচুড়ি রান্না করছেন।

এর মধ্যেই দেখা গেল কয়েকটি শিশু পোড়া ধ্বংসস্তুপের ভেতর থেকে হাতড়ে বের করছে পেরেকসহ পুড়ে যাওয়া বিভিন্ন লৌহবস্তু।

তৃতীয় শ্রেণিতে পড়া আকাশ বলছিল, “এগুলা বাঙ্গারির দোহানে বেচুম। তারপর ওই ট্যাহা মারে দিমু।”

তার সাথে কাজ করছিল তিন্নি নামে ক্লাস ওয়ানে পড়া আরেক শিশু। ওদের ঘরও গতকাল পুড়ে গেছে।

ঢাকার সবচেয়ে বড় এই বস্তিতে এর আগে গত ১৪ মার্চ আগুন লেগে অর্ধশত ঘর পুড়ে যায়, অন্তত দুই জন আহত হন।

ওই জমির মূল মালিক বিটিসিএল আদালতের আদেশ নিয়ে ২০১২ সালে কড়াইলে জমি পুনরুদ্ধারের চেষ্টা শুরু করে। প্রথম দিনের অভিযানে শ চারেক ঘর উচ্ছেদ করা গেলেও দ্বিতীয় দিন হাজার হাজার বস্তিবাসী গুলশান-মহাখালী এলাকার সড়কে নেমে ওই এলাকা কার্যত অচল করে দেয়।

অবৈধভাবে গড়ে ওঠা ওই বস্তি মাদকের কারবারি ও অপরাধীদের একটি বড় আখড়া হিসেবেও পরিচিত।