২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর সায়েদাবাদে ও রামপুরায় বাসের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 04:10 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

এদের একজন রুকু রহমান (২৫) সায়দাবাদ এলাকার ফেরিওয়ালা। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে, থাকতেন সায়েদাবাদ ওয়াসা রোডে। আনুমানিক ৫০ বছর বয়সী আরেকজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তাদের দুজনকেই সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রুকুকে দেড়টার দিকে হাসপাতালে আনে তারেক ও মঈন নামে দুই যুবক।

“দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালে সুরমা পরিবহনের একটি বাসের ধাক্কায় রুকু গুরুতর আহত হন। রুকু ওই এলাকায় পানি বিক্রি করতেন।”

আর রামপুরায় নিহত অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরনে কালো প্যান্ট ও সাদা হাফ শার্ট ও হাফ সুয়েটার ছিল বলে বাচ্চু জানান।

তিনি বলেন, রামপুরা টিভি সেন্টারের সামনের রাস্তার একটি বাসের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। বেলা সাড়ে ১২টার দিকে মো. আলম নামে একজন তাকে হাসপাতালে আনেন।

দুটি মৃতদেহই হাসপাতালের মর্গে রয়েছে বলে তিনি জানান।