২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচজন আটক

ঢাকার উত্তরার আবদুল্লাহপুর ও উত্তর বাড্ডা কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র কেনাবেচায় জড়িত পাঁচজনকে আটক করেছে র‌্যাব; উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 12:16 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

আটকরা হলেন-  রুবেল শেখ (২৪),  সোহেল মোল্লা (২৪), বাহেস শেখ (৩২), আব্বাস মিয়া (২৫) ও আরিফুল ইসলাম আরিফ (২৫)।

রোববার রাতের এসব অভিযানে চারটি পিস্তল ও ৩৮টি গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ জানিয়েছেন।

তিনি বলেন, “প্রথমে উত্তরার আব্দুল্লাহপুর থেকে পিস্তল ও গুলিসহ রুবেল, সোহেল ও বাহেসকে অস্ত্রসহ আটক করা হয়।

“তাদের কাছ থেকে তথ্য পেয়ে উত্তর বাড্ডা কাঁচাবাজার এলাকা থেকে চক্রের আব্বাস ও আরিফকে আটক করা হয়।”

র‌্যাব কর্মকর্তা মাসুদ বলেন, রাতে আশুলিয়া ল্যান্ডিং পয়েন্টে তল্লাশী চৌকিতে নীল রঙের একটি পিকআপকে থামার সঙ্কেত দিলে সেটি দ্রুত পালাতে থাকে।

“র‌্যাবের গাড়িও তাদের পিছু নেয়। পরে আব্দুল্লাহপুর খন্দকার পেট্রোল পাম্পের সামনে ফুটওভার ব্রিজের নিচে পিকআপটির গতিরোধ করে তিনজনকে আটক করা হয়। পিকআপের বাম পাশের দরজার ভেতর কালো টেপ দিয়ে পেঁচানো চারটি পিস্তল ও গুলি পাওয়া যায়।”

পরে তাদের দেয়া তথ্যানুযায়ী উত্তর বাড্ডার কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্বাস ও আরিফকে আটক করা হয়।

তিনি বলেন, অভিযানের সময় এই চক্রের মূলহোতা তারেক আহমেদ অনিক ও তার সহযোগী বাদশা পালিয়ে যায়।

“জিজ্ঞাসাবাদের আটকরা জানিয়েছে, অনিক দীর্ঘদিন ধরে বাড্ডা ও আশপাশের এলাকায় চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব কর্মকাণ্ড চালাতেই সে অবৈধ কেনাবেচা করে।”

র‌্যাব কর্মকর্তা মাসুদ জানান, রুবেল পেশায় গাড়িচালক হলেও পাশাপাশি দুই/তিন বছর ধরে অস্ত্র ব্যবসায় জড়িত। সে রাজশাহীর প্রত্যন্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করত। এ কাজে সোহেল ও বাহেস তাকে সহযোগীতা করত।