প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, বিমানযাত্রীদের দুই ঘণ্টার দেরি
কাছে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে হজরত শাহজালাল বিমানবন্দরে রোববার দুই দফায় মোট দুই ঘণ্টা উড়োজাহাজ উঠানামা বন্ধ ছিল।
এই কারণে বাংলাদেশের প্রধান এই বিমানবন্দরে অন্তত সাতটি ফ্লাইটের ওঠানামায় দেরি হয়। বিমানে উঠে যাওয়ার পরও নেমে এক ঘণ্টার বেশি অপেক্ষায় থাকতে হয়েছিল একটি ফ্লাইটের যাত্রীদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন ঢাকা সেনানিবাস এলাকায় বিমান বাহিনীর ঘাঁটি ‘বঙ্গবন্ধু’কে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন।
যুদ্ধবিমানের এই ঘাঁটিটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছেই।
বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেনানিবাসে বিমান বাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছিলেন। এটা আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর যখন মাননীয় প্রধানমন্ত্রী কোথাও থাকবেন এক কিলোমিটারের মধ্যে কোনো এয়ার মুভমেন্ট হবে না, তখন রানওয়ে ক্লোজড থাকবে।”
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন, তাদের নিয়ে সভা করার পর সব উড়োজাহাজকে কোম্পানিকে শুক্রবারই চিঠি দিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই বিষয়টি জানিয়ে দিয়েছিল বলে জানান তিনি।
“এটা একটা প্রচলিত নিয়ম। সব সময়ই এমনটা হয়ে থাকে,” বলেন ইকবাল।
তিনি জানান, সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট এবং ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট দুই দফায় সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল।
বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজের গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসের মহাব্যবস্থাপক (জিএম) কে এম জাফরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে কলকাতাগামী একটা ফ্লাইট ছিল তাদের। সেটা পিছিয়ে ১১টা ৪৫ মিনিটে নেওয়া হয়েছিল।
“১১টা ৩০ মিনিটের মধ্যে সব যাত্রী উড়োজাহাজে উঠেও যায়। কিন্তু সেটা পরবর্তীতে ১২টা ৪৫ মিনিটে ছাড়া হয়।”
এর কারণ হিসাবে জাফরুজ্জামান বলেন, “সিভিল এভিয়েশন প্রথমে আমাদের জানিয়েছিল ১০টা থেকে ১১টা ২০ পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে। তারা পরে সিদ্ধান্ত নেয় যে ১১টা ৪৫টা থেকে ১২টা ৪৫ পর্যন্তও বন্ধ থাকবে।”
ইউএস বাংলা এয়ারলাইন্সের ৬টি ফ্লাইট পেছানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রতিষ্ঠানের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) কামরুল ইসলাম।
তিনি বলেন, “দুই ঘণ্টায় ছয়টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় আসেনি এবং ঢাকা ছাড়েনি। এগুলোর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটের ২টি এবং ঢাকা-কলকাতা, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-বরিশাল রুটে ১টি করে ফ্লাইট ছিল।”
