‘আপনি যাওয়ার পরও যেন ডাস্টবিন পরিষ্কার থাকে’
“আপনি আসছেন তাই গলির মুখের ডাস্টবিনটা স্বাস্থ্যকর অবস্থায় আছে। আমরা চাই আপনি চলে গেলেও ডাস্টবিনটা যেন এ রকম পরিষ্কারই থাকে।”
রোববার ঢাকার শাঁখারিবাজারে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠানে গিয়ে স্থানীয় এক বাসিন্দার এ অনুরোধের মুখে পড়লেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তার সঙ্গে সুর মিলিয়ে এলাকার অন্য বাসিন্দারাও অভিযোগ করেন, ডাস্টবিনটি খোলা থাকায় ময়লা আবর্জনা সড়কে ছড়িয়ে পড়ে। দুর্গন্ধে লোকজনের চলাচলে সমস্যা হয়।
বর্জ্য অপসারণে আরও ‘আন্তরিক’ হতে সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান তারা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলররা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে দুটি ওয়ার্ডের বাসিন্দারা স্থানীয় নানা সমস্যা মেয়রের কাছে তুলে ধরেন। বেশিরভাগ অভিযোগ করা হয় আবর্জনা অপসারণ ও জলাবদ্ধতা নিয়ে।
শাঁখারিবাজারের বাসিন্দা অজয় নন্দী অভিযোগ করেন, জনসন রোড থেকে শাঁখারিবাজারে ঢোকার মুখেই একটি ডাস্টবিন রয়েছে, প্রায়ই যার ময়লা উপচে সড়কে এসে তৈরি করে জনদুর্ভোগ।
এছাড়া বাহাদুর শাহ পার্কের চারপাশে সড়কের একটি লেইন জুড়ে বিভিন্ন পরিবহনের বাস দাঁড় করিয়ে রাখায় এ সড়কে সব সময় যানজট লেগে থাকে বলে অভিযোগ করেন তিনি।
রাধিকা মোহন বসাক লেনের বাসিন্দা মনির হোসেন অভিযোগ করেন, এ এলাকার বাড়িঘরের পেছনের জায়গাগুলো কয়েক বছর ধরে পরিষ্কার করা হয় না। বৃষ্টি হলে এসব ময়লা-আবর্জনা সড়কে চলে আসে। এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
“আপনি আসার পর আমাদের এলাকা যে রকম পরিচ্ছন্ন দেখছি, আগে এ রকম করে এলাকা পরিষ্কার করা হত না। রাস্তা-ঘাট ঠিকমতো পরিষ্কার করে না। ড্রেনের ময়লা রাস্তার ওপরে রেখে দেয়।”
তার কথা শেষ হতেই সেখানে হাজির হন সিটি করপোরেশনের কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী। তারা এর প্রতিবাদ জানান।
উল্টো এলাকাবাসীর বিরুদ্ধে রাস্তায় আবর্জনা ফেলে নোংরা করার অভিযোগ করেন তারা।
“আমরা রাইত ১টায় আহি, সকাল ৮টায় যাই। আমরা পুরা সিটি করপোরেশনে কাজ করি। হেরা চাইর তালা, পাঁচ তালা থাইক্কা পোটলা পোটলা ময়লা ফালাইয়া রাস্তা তলাইয়া দেয়। আর হেরা কয় আমরা কাজ করি না। আপনের কাছে হেরা বদনাম বলে, সেই বিচারডা আপনি করেন স্যার,” মেয়রকে উদ্দেশ্য করে বলেন একজন।
নবাববাড়ি লেনের তিনটি সড়ক বাতি গত কয়েকমাস ধরে ভাঙা বলে অভিযোগ করেন ওই সড়কের বাসিন্দা খাজা নাজিম উদ্দিন রুমী।
আহসান মঞ্জিল জাদুঘরের একজন প্রতিনিধি জানান, প্রতিদিন তিন থেকে চার হাজার দর্শনার্থী আহসান মঞ্জিল জাদুঘর দেখতে আসেন। কিন্তু প্রবেশ পথের সামনের ফুটপাতে একটি টংঘর থাকায় দর্শনার্থীদের ভেতরে ঢুকতে সমস্যা হয়।
সিটি করপোরেশনের ময়লার গাড়ি ঠিকমতো না আসায় আহসান মঞ্জিলের আবর্জনা অপসারণ করা যাচ্ছে না বলেও মেয়রকে জানান তিনি।
নবযুগ শরীরচর্চা কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয়দের শরীর চর্চা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন একজন বাসিন্দা। শরীর চর্চা কেন্দ্রটি অতি দ্রুত খুলে দিতে মেয়রের কাছে আবেদন জানান তিনি।
এসব সমস্যা শুনে সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট সেবা সংস্থার প্রতিনিধিদের নির্দেশ দেন মেয়র।
তিনি বলেন, “আমাদের এখানে অনেক সমস্যা। এগুলোর সমাধান একদিনে দেওয়া সম্ভব না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে।”
আগামী বর্ষার আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সড়ক সংস্কারের ঘোষণা দিয়ে সাঈদ খোকন বলেন, “এই ঢাকা শহরের প্রতিটি অলিগলি আমি সংস্কার করে আপনাদের চলাচলের উপযোগী করে দিব।”
ঢাকার খেলার মাঠ ও পার্কের উন্নয়নে ‘জল সবুজে ঢাকা’ নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান মেয়র।
তিনি বলেন, ৭০ জন নবীন ও প্রবীণ স্থপতি এগুলোর নকশা করেছেন। সোমবার নগর ভবনে এসব নকশা জনসাধারণ ও জনপ্রতিনিধিদের দেখার জন্য উন্মুক্ত করা হবে।
“আপনারাও আসবেন। আমাদের খেলার মাঠ, পার্ক কেমন দেখতে চান সে বিষয়ে মতামত দেবেন। আপনাদের সবার মতামত নিয়ে ২০১৭ সালের মধ্যে ৩১টি খেলার মাঠ ও পার্ক আমরা নতুন রূপে সাজিয়ে দিব।”
