২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জটিল বিশ্বে হুমকিও বাড়ছে: রাষ্ট্রপতি

বিশ্ব পরিস্থিতি দিন দিন জটিল হয়ে ওঠায় হুমকিও বাড়ছে উল্লেখ করে নিরাপত্তা বাহিনীর আরও দক্ষ ও কৌশলী হওয়ার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 08:03 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

রোববার ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সের ওয়ার কোর্সের (এএফডব্লিইউসি) একটি প্রতিনিধি দল বঙ্গভবনে দেখা করতে গেলে রাষ্ট্রপ্রধান এই বিষয়টির উপর আলোকপাত করেন।

বঙ্গভবনের দরবার হলে এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বলেন, “বর্তমান বিশ্ব দিন দিন আন্তঃনির্ভরশীল ও জটিল হচ্ছে। সব ধরনের সন্ত্রাস প্রতিরোধ করে শান্তিপূর্ণ আবাস নিশ্চিত করতে এখনও কাজ বাকি রয়েছে।

“উন্নয়নের সঙ্গে সঙ্গে সারা বিশ্বে সন্ত্রাসের হুমকিও বাড়ছে। আমি আশা করি, বিষয়গুলোকে সামনে রেখে এনডিসি সন্ত্রাসবিরোধী, কৌশলগত পাঠ্যক্রম হাতে নেবে, যাতে সংশ্লিষ্টরা হুমকি মোকাবেলায় সাফল্যের সঙ্গে কাজ করতে পারে।”

রাষ্ট্রপতি এসময় কোর্সে অংশ নেওয়া সব সদস্যকে জাতির স্বার্থে এবং সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার আহ্বান জানান।

আবদুল হামিদ বলেন, “আমি নিশ্চিত এনডিসি এবং এএফডব্লিইউসি কোর্সে অংশগ্রহণকারীরা অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাই আপনাদের অর্জিত জ্ঞান নিয়ে জাতির সেবায় নিয়োজিত থাকুন এবং সবার জন্য সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিতে কাজ করুন।”