২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলোর মিছিলে স্মরণ ফিদেল কাস্ত্রোকে

কিউবা বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রোর স্মরণে আলোর মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 07:54 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল বের করে বাম দল দুটির নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয় মিছিলটি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতনসহ অন্য নেতাকর্মীরা আলোর মিছিলে অংশ নেন।

মিছিলের আগে সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “সাম্রাজ্যবাদের চাপিয়ে দেওয়া অন্যায় অবরোধ, সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে তিনি (ফিদেল কাস্ত্রো) কিউবার বিপ্লবকে শুধু রক্ষাই করেননি, কিউবাকে বিস্ময়করভাবে অগ্রসর করে নিয়ে গেছেন।

“মার্কিন সাম্রাজ্যবাদ তাকে বার বার হত্যার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। বিপ্লবী দৃঢ়তা নিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অনবদ্য বিপ্লবের নাম ফিদেল কাস্ত্রো।”

সেলিম বলেন, “সমাজতন্ত্রের প্রশ্নে ফিদেল ছিলেন পাহাড়ের মতো অবিচল। সমাজতন্ত্রের ঝাণ্ডা নিয়ে বিশ্বের নিপীড়িত ও আক্রান্ত মানুষের পাশে তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। তার লড়াই কিউবায় সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।

“১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ফিদেল কাস্ত্রো ও তার দলের অকুণ্ঠ সমর্থনের কথা বাংলাদেশের জনগণ চিরদিন কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কমরেড ফিদেল কাস্ত্রো বিশ্বের নিপীড়িত, নির্যাতিত, মুক্তিকামী মানুষের মুক্তির লড়াইয়ে বেঁচে থাকবেন। বিশ্ব কমিউনিস্ট আন্দোলনে তিনি অনন্ত প্রেরণার উৎস হয়ে থাকবেন।”

১৯৪৯ সালে জেনারেল বাতিস্তাকে উৎখাত করে কিউবার ক্ষমতায় আসেন ফিদেল কাস্ত্রো। যুক্তরাষ্ট্রের শখানেক কিলোমিটারের মধ্যে থেকে দেশটিতে সমাজতান্ত্রিক বিপ্লবের সূচনা করেন তিনি।পাঁচ দশক ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যান তিনি।

কয়েক বছর আগে ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তর করে অবসরে থাকার মধ্যে গত ২৫ ডিসেম্বর মারা যান ফিদেল কাস্ত্রো। তার বয়স হয়েছিল ৭৪ বছর।