বাংলাদেশের শত যুবার ভারত সফরের ফ্ল্যাগিং অফ
পঞ্চমবারের মতো বাংলাদেশের ১০০ সদস্যের যুব প্রতিনিধি দলের ভারত সফরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
আট দিনের সফরে প্রতিনিধি দলটি ভারতের নয়া দিল্লি, আগ্রা, আহমেদাবাদ ও কোলকাতা সফর করবে।
রাজধানীর গুলশানে ভারতীয় হাই কমিশনের কার্যালয়ে শুক্রবার এই সফরের ফ্ল্যাগিং অফ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশের যুবাদের দলটি ভারতের শিক্ষা, ব্যবসায়, তথ্য প্রযুক্তি ও কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিখ্যাত সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ও বাণিজ্য কেন্দ্রসমূহ পরিদর্শন করবে।
অঞ্চল, ক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বাছাই করা সমানসংখ্যক তরুণ-তরুণীর এই দলে চিকিৎসক, শিল্পী, ক্রীড়াব্যক্তিত্ব, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, কলা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সমাজকর্মী রয়েছেন।
ভারতীয় হাই কমিশন ২০১২ সাল বাংলাদেশ যুব প্রতিনিধি দলের সফরের আয়োজন।
এবারের সফরের ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার প্রধান অতিথি হিসেবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ এবং মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিনিধিবর্গসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
