হাঙ্গেরির সঙ্গে স্থবির সম্পর্কে নতুন গতি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার হাঙ্গেরি সফরের মধ্য দিয়ে মধ্য ইউরোপের দেশটির সঙ্গে বাংলাদেশের স্থবির দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে।
হাঙ্গেরি সফর থেকে ফেরার দুদিন পর শনিবার গণভবনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী।
পানি সম্মেলনে যোগ দিতে গত ২৮ নভেম্বর হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী। বহুপাক্ষিক এ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি হাঙ্গেরিতে বাংলাদেশের প্রথম কোনো প্রধানমন্ত্রীর সফর ছিল এটি।
তিনদিনের সফরে প্রধানমন্ত্রী হাঙ্গেরির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। হাঙ্গেরি-বাংলাদেশ বিজনসে ফোরামের সভায় বক্তব্য দেন তিনি।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, বিভিন্ন বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
“হাঙ্গেরি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়েছিল। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বরণের পর থেকে এই দ্বিপাক্ষিক সম্পর্কে স্থবিরতা নেমে আসে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দেওয়া হাঙ্গেরির স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
২৮ নভেম্বর হাঙ্গেরির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বৈশ্বিক উষ্ণতাজনিত জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি।
“হাঙ্গেরির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে বৈশ্বিক উষ্ণতাজনিত জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব , জলবায়ু, অভিবাসীসহ বিভিন্ন বিষয নিয়ে আলোচনা করেছি।”
এছাড়া পানি ব্যবস্থাপনা, বিশেষ করে নদী দূষণ রোধে হাঙ্গেরি-বাংলাদেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
হাঙ্গেরির প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে সরকারি পর্যায়ে তিনটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশ ও হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা বিষয়ক সমঝোতা স্মারক, বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মরক, বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে কৃষি ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।
এর বাইরে দুই দেশের চেম্বারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
“পশ্চাৎপদ লাখ লাখ মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা, জলবায়ু পরিবর্তনের ফলে ঝুকিপূর্ণ দেশগুলোর বিপদাপন্ন এলাকায় পানি বিপর্যয় রোধে সহায়ক অবকাঠামো নির্মাণ, সুষম বণ্টনের জন্য আন্ত:সীমান্ত নদীর পানির কার্যকর ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তার জন্য পানির সাশ্রয়ী ব্যবহার করে শস্য উৎপাদন, উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবন, পানি সাশ্রয়ী প্রযুক্তির প্রসার।”
২০১৮ সালের মধ্যে বাংলাদেশে শতভাগ পানি ও পয়:নিষ্কাশন সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে গত ১৫ থেকে ১৬ নভেম্বর মরক্কোর মারাকেশে বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২২) এ যোগ দেন শেখ হাসিনা।
ওই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের দৃঢ় অবস্থান ও সংকল্পের বিষয়টি পুর্নব্যক্ত হয়েছে বলে জানান তিনি।
