বিএমএ নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা
বিএনপি ও জামায়াত সমর্থিত চিকিৎসকদের নির্বাচন বর্জনের ডাকের মধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে প্রগতিশীল চিকিৎসকদের জোট ‘ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট’।
বামসমর্থিত এ প্যানেল থেকে ডা. এস এম ফজলুর রহমান সভাপতি পদে এবং ডা. শাকিল আখতার সাধারণ সম্পাদক পদে লড়বেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
ঢাকা নগরে ডা. শামসুদ্দিন আহমেদ, বরিশাল বিভাগে অধ্যাপক ডা. নিত্যানন্দ শীল, চট্টগ্রাম বিভাগে ডা. তরুণ তপন বড়ুয়া ও খুলনা বিভাগে ডা. এস এম ফরিদুজ্জামান এই প্যানেল থেকে সহ সভাপতি পদের প্রার্থী হয়েছেন।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বাম প্যানেলের মনোনয়ন পেয়েছেন ডা. আক্তার বানু, ডা. আব্দুল খালেক, ডা. এম এইচ ফারুকী, ডা. গোলাম আযম ও ডা. তারিক আমিন।
চার বছর পর আগামী ২২ ডিসেম্বর বিএমএ নির্বাচন হবে। ওই নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ তাদের প্যানেল ঘোষণা করেছে।
তবে নির্বাচন কমিশন কারচুপি করছে এ অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক দিয়েছে বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও জামায়াত সমর্থিত ন্যাশনাল ডক্টরস ফোরাম।
