প্রথমবার অ্যাপিকটা অ্যাওয়ার্ডে প্রতিযোগী বাংলাদেশ
এশিয়া অঞ্চলে প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স আয়োজিত অ্যাপিকটা অ্যাওয়ার্ডের ১৬তম আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, বেসিস।
আগামী ২ থেকে ৫ ডিসেম্বর তাইওয়ানের তাইপে শহরে অনুষ্ঠেয় এই আয়োজনে এশিয়ার ১৬টি দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতায় নামবে বেসিসের ১০টি সদস্য প্রতিষ্ঠান।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বুয়েট, এনএসইউ ও আইইউবির প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার কারওয়ানবাজারে বেসিস কার্যালয়ে প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ।
অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনাই, চীন, চীনা তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম ও নেপালসহ ১৭টি অর্থনৈতিক অঞ্চলের প্রতিনিধি নিয়ে অ্যাপিকটা গঠিত। মাত্র এক বছর আগে বাংলাদেশের পক্ষে বেসিস এর সদস্যপদ লাভ করে।
রাসেল টি আহমেদ জানান, অ্যাপিকটা এশীয় অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাময় ও সফল উদ্যোগ, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার স্বীকৃতি দিতে প্রতিবছর ‘অ্যাপিকটা অ্যাওয়ার্ডের’ আয়োজন করে থাকে। সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত জুরি বোর্ড সূক্ষ্ম বিচার-বিশ্লেষণের মাধ্যমে ১১টি ক্যাটাগরির প্রতিটিতে একজন করে অ্যাওয়ার্ড উইনার খুঁজে বের করে।
“সুতরাং বুঝাই যাচ্ছে, এই প্রতিযোগিতায় জয়ী হওয়া কত কঠিন বিষয়। প্রথম বার অংশ নেওয়া বাংলাদেশ অ্যাওয়ার্ড লাভের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। পুরস্কার যদি নাও মেলে তবে এই অংশগ্রহণ আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।”
বেসিসের সদস্যদের মধ্যে যাচাই-বাছাইয়ের পর টুইস্টার মিডিয়া টেকনোলজি লিমিটেড, রিভ সিস্টেমস, আরএক্স ৭১ লিমিটেড, ডক্টরোলা লিমিটেড, ফিউচার সল্যুশনস ফর বিজনেস লিমিটেড, বিজনেস অটোমেশন লিমিটেড, অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড, ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেড, বন্ডসটেইন টেকনোলজিস ও হিউম্যাক ল্যাব লিমিটেডকে এবারের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় প্রযুক্তি খাতে তাদের নিজস্ব উদ্ভাবন তুলে ধরবে।
টি আহমেদ জানান, এবারের অ্যাপিকটা অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিচারক হিসেবে তিনি নিজে ছাড়াও বেসিস সভাপতি মোস্তফা জব্বার, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল ও সাবেক কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ থাকবেন।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, অ্যাসোসিওর সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ এইচ কাফিসহ একটি প্রতিনিধি দল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার ছাড়াও সহ-সভাপতি এম রাশিদুল হাসান ও পরিচালক উত্তম কুমার পালসহ প্রতিযোহিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
