স্মার্ট কার্ড পাবেন ১৫ লাখ প্রতিবন্ধী
দেশের ১৫ লাখ ১০ হাজার প্রতিবন্ধী জনগণকে আলাদা স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. জিল্লার রহমান।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের কর্মসূচি জানাতে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান।
জিল্লার বলেন, ২০১৭ সালের মধ্যে প্রতিবন্ধীদের জন্য আলাদা স্মার্ট কার্ড তৈরি করা হবে। ২০১৮ সালের মধ্যে সব প্রতিবন্ধীর হাতে স্মার্ট কার্ড দেওয়া হবে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানান, সমাজসেবা অধিদপ্তর জরিপ চালিয়ে সারা দেশে ১৫ লাখ ১০ হাজার প্রতিবন্ধীকে শনাক্ত করেছে।
“এসব প্রতিবন্ধীদের নিয়ে একটি ডাটাবেইজ তৈরি করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে প্রতিবন্ধীদের সব ধরনের তথ্য এই ডাটাবেইজে পাওয়া যাবে।”
শনাক্ত হওয়া সব প্রতিবন্ধীকে পরিচয়পত্র দেওয়া হয়েছে জানিয়ে জিল্লার রহমান বলেন, পরিচয়পত্রধারী প্রতিবন্ধীরা ট্রেনের টিকেট কাটায় ৫০ শতাংশ ছাড়, চাকরিতে কোটা ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিবন্ধী দিবসের কর্মসূচি
অন্যবারে মত এবারও আগামী ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করবে সরকার।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মিরপুরে মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন।
নুরুজ্জামান জানান, দেশের ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে দিনে প্রায় ১০ হাজার প্রতিবন্ধী বা প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা মানুষ বিনামূল্যে বিভিন্ন থেরাপিউটিক সেবা, কাউন্সিলিং ও প্রশিক্ষণ নিচ্ছেন।
“প্রতিবন্ধীদের তথ্য-উপাত্তের ভিত্তিতে গবেষণা করে প্রতিবন্ধিতার কারণ উদঘাটন ও তার রাশ টেনে ধরার জন্যে উপযুক্ত কার্যক্রম গ্রহণ করব।”
চলতি বছর সাড়ে ৭ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে ৬০০ টাকা হারে ভাতা দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০১৬ সালে এই খাতে ৫৪০ কোটি টাকা বরাদ্দ ছিল।
“দেশের ৭০ হাজার প্রতিবন্ধী ছাত্রছাত্রীকে ৫০ কোটি টাকা উপবৃত্তি দেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলায় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় ৬৪০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্যে বিনামূল্যে আবাসিক শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে।”
এছাড়া দেশে ১২টি দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলে প্রায় এক হাজার শিক্ষার্থীর জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থাসহ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চলছে বলেও জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।
