২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিওতে জবাবদিহিতা থাকতে হবে: ডেপুটি স্পিকার

বেসরকারি স্বেচ্ছসেবী সংগঠনগুলোতে জবাবদিহিতা আনা জরুরি বলে বলে মন্তব্য করেছেন সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 10:36 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

বুধবার ঢাকায় আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “এনজিওরা ভাল কাজ করে, মানুষের সেবা করে। তাই বলে সেবার নামে স্বচ্ছতা থাকবে না এটা কাম্য নয়। অবশ্যই এনজিওর প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”

রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘নারীর প্রতি সহিংসতা রোধ, প্রেক্ষিত: বাল্যবিবাহ এবং বাল্যবিবাহিত বালিকা’ শীর্ষক এই সেমিনার আয়োজন করে টেরি দেস হোমস নেদারল্যান্ডস।

এতে বাল্যবিয়ে রোধে তৃণমূল পর্যযায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, “বাল্যবিবাহ এখন আর আগের মতো দেখা যায় না। অনেকাংশে হ্রাস পেয়েছে। তবে এজন্য জেলা উপজেলা পর্যায়ে সচেনতা বৃদ্ধি করতে হবে। বাল্যবিবাহ রোধ বিষয়ক সভা সেমিনার জেলা উপজেলা পর্যায়ে বেশি বেশি করে করা উচিত।”

তিনি বলেন, “অনেক সময় দেখা যায় নার্স বা স্বাস্থ্যকর্মীরা নিজেদের পোশাক পরতে চান না। যে কারণেই হোক তাদের ভেতর এক ধরনের অনীহা কাজ করে- যা মোটেই গ্রহণযোগ্য নয়। আমরা যেখানেই যে পেশায় আছি, সবার উচিত নিজস্ব পোশাক বা আইডিনটি ব্যবহার করা।”

সরকার বাল্যবিয়ে নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে ফজলে রাব্বী মিয়া বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সর্বদা সজাগ। তিনি বাল্যবিবাহ শূন্যের কোটায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছেন। এজন্য একটি আইনও করা হচ্ছে। আশা করছি সামনের অধিবেশনেই আইনটি পাস হবে।”

প্ল্যান ইন্টারন্যাশনালের জেন্ডার অ্যাডভাইজর তাহমিনা হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি অ্যানি ভেসটজেনস, স্বাস্থ্য পরিবার কল্যাণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এনায়েত হোসেন, টেরি দেস হোমস নেদারল্যান্ডস এর কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবীরসহ অন্যরা।